দলের দুঃসময়ে দেয়াল হয়ে দাঁড়িয়ে ফিফটি তুলে নিয়ে নিয়েছেন লিটন দাস। সেই সঙ্গে মাহমুদউল্লাহকে নিয়ে ৫০ পেরোনো জুটিও গড়েছেন এই উইকেটরক্ষক-ওপেনার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান করেছে বাংলাদেশ।
রায়ান বার্লের করা ২৮তম ওভারের শেষ বলে চার মেরে ফিফটি উদযাপন করেন লিটন। ওয়ানডেতে এটি তার চতুর্থ ফিফটি। ৮৪ বলে ৩ চারে ৫৮ রানে ব্যাট করছেন তিনি। তাকে সঙ্গ দিচ্ছেন মাহমুদউল্লাহ (২৬)।
এর আগে দ্রুত ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। শুরুতে ব্লেসিং মুজারাবানির করা ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে স্কয়ার-কাট করতে গিয়ে উইকেটরক্ষক রেগিস চাকাবার গ্লাভস বন্দী হন তামিম ইকবাল। ৭ বল মোকাবিলা করেও কোনো রান করতে পারেননি তিনি।
সেই সঙ্গে একটি অনাকাঙ্খিত রেকর্ডও গড়লেন তামিম। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৪ ম্যাচে ডাক মারলেন ৩৩ বছর বয়সী ড্যাশিং ওপেনার। এই রেকর্ড গড়ার পথে তিনি ভেঙেছেন মাশরাফি বিন মর্তুজার রেকর্ড। ওয়ানডেতে ম্যাশের ডাক ৩৩।
বাংলাদেশ প্রথম দুই ওভারে কোনো রান জমা করতে পারেনি স্কোরবোর্ডে। তামিম ফেরার পর সাকিব আল হাসান ব্যাটিংয়ে নেমে প্রথম বলে চার মেরে দলীয় রানের সূচনা করেন। কিন্তু ব্যাটিংয়ে যেন দুর্ভাগ্য পিছু ছাড়ছে না দেশ সেরা অলরাউন্ডারের।
ব্যক্তিগত ১৯ রানে ব্লেসিং মুজারাবানির দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন সাকিব। দলের দুঃসময়ে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি মোহাম্মদ মিঠুন (১৯)। দলকে বিপদের মধ্যে ঠেলে দিয়ে বিদায় নেন মোসাদ্দেক হোসেন সৈকতও (৫)।
বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে।
