সিরিজ জয়ের ম্যাচে যে স্বপ্ন পূরণ হলো সাইফউদ্দিনের

আপডেট : ১৯ জুলাই ২০২১, ০৭:০৪ পিএম

ছোটবেলা থেকেই স্বপ্নটা বুকে লালন করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। যা এবার ধরা দিল বাস্তবে। স্বপ্নের নায়ক সাকিব আল হাসানের সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশকে জয় এনে দিলেন এই তরুণ। যে স্বপ্ন পূরণের আনন্দে উচ্ছ্বসিত ২৪ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার।

জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচ হাতে থাকতেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ১৫৫ রানের রেকর্ড গড়া জয় এলেও রবিবার দ্বিতীয় ম্যাচে বেশ কষ্টে জিততে হয়েছে টাইগারদের। ২৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেটে জয় পায় সফরকারীরা। এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত হয় সিরিজ।

তবে ১৭৩ রানে ৭ উইকেট হারিয়ে একপর্যায়ে খাদের কিনারে ছিল টাইগাররা। সেখান থেকে সাকিব আল হাসান ও সাইফউদ্দিনের ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে আসে জয়। সাকিব ১০৯ বলে ৯৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। সাইফউদ্দিন ৩৪ বলে ২৮ রানে অপরাজিত ছিলেন।

সোমবার বিসিবি প্রেরিত ভিডিও বার্তায় সাইফউদ্দিন ম্যাচ জয়ের আনন্দ প্রকাশ করতে গিয়ে বললেন, ‘অনেক চাপের পরিস্থিতি ছিল। তবে এই সময়টার জন্য আমি প্রস্তুত ছিলাম। হবে কি হবে না পরের ব্যাপার। চেষ্টা ছিল নিজের প্রসেস ঠিক রাখা। তখন ৭০ রানের মত দরকার ছিল।’

‘সত্যি বলতে ছোটবেলা থেকে স্বপ্ন ছিল সাকিব ভাইয়ের সাথে পার্টনারশিপ গড়ে দলকে জেতানো। আগেও হয়তো কয়েকবার বলেছি। সুযোগটা কাল এসেছে। স্মরণীয় করে রাখতে নিজের সর্বোচ্চ চেষ্টা করেছি।’

সাইফউদ্দিনের সেই চেষ্টা সফলও হয়েছে। পাশে সাকিবের মতো ক্রিকেটার ছিলেন বলেই সহজ হয়ে যায় তার কাজটা। বলছিলেন, ‘অনেক সময় লুজ পেয়েছি, কিন্তু দলের প্রয়োজনে ডট দিতে হয়েছে। তাই বড় শট খেলিনি। দলের প্রয়োজন অনুযায়ী ব্যাটিংয়ের চেষ্টা করেছি। সাকিব ভাই যথেষ্ট ভালো সাপোর্ট দিয়েছে। এ জন্য আমার কাজ সহজ হয়েছে। যেহেতু সাকিব ভাই ক্রিজে ছিল, আত্মবিশ্বাস ছিল- বেশি ডট না খেলে সিঙ্গেল নিয়ে ম্যাচ ছোট করতে পারলে ফলাফল পক্ষে আসবে।’

পেস বোলিং অলরাউন্ডার হিসেবে জাতীয় দলে আবির্ভাব সাইফউদ্দিনের। লোয়ার অর্ডারে ব্যাটিং করেন বলে বেশি সময় ব্যাটিংয়ের সুযোগ পান না। দলের প্রয়োজনটাই বড় হয়ে যায় তখন। সেই চাহিদা মেটাতে সব সময় যে সফল হতে পেরেছেন তা নয়। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটিতে অবশ্য লেটার মার্কস পেয়ে উত্তীর্ণ সাইফউদ্দিন।

এ প্রসঙ্গে বলছিলেন, ‘সুযোগ সব সময় আসে না। যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রমাণ করতে পারিনি, সেই চেষ্টা ছিল। অবশ্যই চাইব না সবাই আউট হয়ে যাক আর আমার সুযোগ আসুক। তবে কাল নিজের সামর্থ্য কিছুটা হলেও দেখাতে পেরেছি। দল আমার ছোট্ট অবদানে জিতেছে, এতেই আমি সবচেয়ে বেশি আনন্দিত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত