আ.লীগ কর্মীকে অপহরণের পর গুলি করে হত্যা

আপডেট : ২০ জুলাই ২০২১, ০২:০৪ এএম

বান্দরবানে অংক্যা থোয়াই মারমা ওরফে উগ্য (৪০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে অপহরণের পর গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কুহালং ইউনিয়নের বাকীছড়ার কামাল মেম্বারের ব্রিক ফিল্ড এলাকা থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে গত রবিবার সন্ধ্যায় পেশায় পল্লীচিকিৎসক অংক্যা থোয়াই মারমাকে তার দোকান থেকে অপহরণ করে গহিন পাহাড়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। তিনি কুহালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ক্যামলংপাড়ার প্রয়াত বাইচা মং মারমার ছেলে।

বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর জানান, নিহত অংক্যা থোয়াই মারমা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কর্মী ছিলেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে নিজ দোকান থেকে কয়েকজন সন্ত্রাসী অস্ত্রের মুখে একটি তিন চাকার গাড়িতে করে তুলে নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা ওই গ্রামের চারপাশ ঘিরে রাখে। ভয়ে গ্রামবাসী তাদের বাধা দিতে পারেনি।

চেয়ারম্যান জাহাঙ্গীর বলেন, ‘গত সংসদ নির্বাচনে অংক্যা থোয়াই মারমা একনিষ্ঠভাবে আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন। তবে তিনি দলীয় কোনো পদে আছেন কি না, তা এই মুহূর্তে জানা নেই।’

পুলিশ জানায়, গতকাল সকালে বাকীছড়ার ক্যংবাপাড়ার পরিত্যক্ত একটি ইটভাটার পাশে গোয়ালঘরে একটি লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিচয় শনাক্ত করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসে।

বান্দরবান সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ‘অংক্যা থোয়াই মারমা অপহরণের পর থেকে আমরা তাকে উদ্ধারের তৎপরতা চালালে সন্ত্রাসীরা রাতের কোনো একসময় তাকে হত্যা করে পালিয়ে যায়। শুনেছি তিনি এলাকায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। হত্যাকাণ্ডের কারণ এখনো জানতে পারেনি। তবে তদন্তসাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত