বাংলাদেশ ফুটবল ফেডারেশন আরেকবার অদূরদর্শিতার প্রমাণ রাখল। শুক্রবার সকালে তারা জানিয়েছিল শনিবার থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। করোনা সংক্রমণরোধে দেশব্যাপী কঠোর লকডাউনের মধ্যে লিগ চালিয়ে নেওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। এর কয়েক ঘণ্টা পরই বাফুফে লিগ স্থগিতের সিদ্ধান্ত জানায় ক্লাবগুলোকে। সংবাদ মাধ্যমকে সে খবর জানানো হয় গতকাল বিকেলে। বাফুফের আকস্মিক সিদ্ধান্তে ক্লাবগুলো পড়েছে বিপাকে। বিদেশি ফুটবলারদের সঙ্গে চুক্তির সময় শেষ হয়ে আসছে। এখন লিগ দীর্ঘায়িত হলে ব্যয় বেড়ে যাবে অনেকাংশে। করোনার প্রতিকূল সময়ে অর্থের জোগান নিয়ে চিন্তিত ক্লাবগুলো। লিগ টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের দুশ্চিন্তা আছে অন্য কারণেও। আগস্টের মাঝামাঝি তাদের এএফসি কাপের তিনটি ম্যাচ খেলতে যেতে হবে মালদ্বীপে। ফলে চাইলেও সে সময় তারা লিগের ম্যাচ খেলতে পারবে না। কিংস মনে করছে সেপ্টেম্বরের আগে এই লিগ শেষ হওয়া সম্ভব নয়। আর তাদের বেশ কিছু ম্যাচ এএফসি কাপের কারণে বাকি থাকায় অন্য ক্লাবগুলোও ঝামেলায় পড়বে। ক্লাবটির সভাপতি ইমরুল হাসান বলেন, ‘লিগ যেভাবে বারবার বিঘিœত হচ্ছে তাতে সেপ্টেম্বরের আগে এটা শেষ হবে না। মালদ্বীপে আমরা একটু আগেভাগেই যেতে চাই। সেটা করতে হলে লিগের বাকি ম্যাচগুলো এত কম সময়ে খেলা সম্ভব হবে না। ১২-১৩ আগস্টের দিকে যদি আমাদের দল মালদ্বীপে যায়, এরপর ফিরে এসে কোয়ারেন্টাইনের ব্যাপার থাকবে। ’
×
