নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে নুর হাসান চৌধুরী (২৭) নামে এক তরুণকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
এ ঘটনায় গতকাল রবিবার দুপুরে ২৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন নুর হাসানের বাব নুরুন্নবী চৌধুরী। এর আগে গত শনিবার রাত ৯টার দিকে উপজেলার সুয়াইর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত নুর হাসানকে প্রথমে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ পাঠান কর্তব্যরত চিকিৎসক।
নুরুন্নবী চৌধুরী বলেন, ‘প্রতিবেশী নুর আলম ও জানে আলমদের সঙ্গে আমাদের জমি নিয়ে ঝামেলা রয়েছে। এর জের ধরে গত রাতে আদর্শনগর বাজার থেকে ফেরার পথে নুর হাসানের ওপর হামলা করে প্রতিপক্ষের লোকজন। তারা নুর হাসানকে চারদিক থেকে ঘিরে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে নুর হাসানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা।’
