ব্রিফিংয়ে কাদের

পদ্মা সেতুতে ফেরির ধাক্কা ষড়যন্ত্র কি না খতিয়ে দেখা হচ্ছে

আপডেট : ২৬ জুলাই ২০২১, ০২:২৯ এএম

পদ্মা সেতুর পিয়ারে ফেরির ধাক্কার ঘটনা ‘উদ্দেশ্যমূলক ষড়যন্ত্রের অংশ’ কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রবিবার সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার পর থেকে নানামুখী ষড়যন্ত্র হয়েছে। নির্মাণকাজ শুরুর পর থেকে নানা গুজব, অপপ্রচার চালিয়ে যাচ্ছে দেশবিরোধী এবং উন্নয়নবিরোধী একটি অপশক্তি।’

তিন দিন আগে পদ্মা সেতুর একটি পিয়ারে ফেরির ধাক্কা লাগার ঘটনা তুলে ধরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ফেরির ধাক্কায় পিয়ারের কোনো ক্ষতি না হলেও এটি নিছক কোনো দুর্ঘটনা নাকি উদ্দেশ্যমূলক ষড়যন্ত্রের অংশ, তা খতিয়ে দেখা হচ্ছে। গর্বের এ সেতু নিয়ে আগেও ষড়যন্ত্র হয়েছিল। এখনো যে নেই তা নিশ্চিত করে বলা যাবে না।

গত শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়ায় আসার পথে ফেরি শাহজালাল পদ্মা সেতুর ১৭ নম্বর পিয়ারে ধাক্কা দেয়। এতে ফেরির সামনের অংশে বড় ধরনের ছিদ্র তৈরি হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘দলের গঠনতন্ত্রের বিধান অনুযায়ী আওয়ামী লীগের রয়েছে সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং বিভিন্ন উপকমিটি। স্বীকৃত সংগঠনের বাইরে যেকোনো নামের সঙ্গে ‘লীগ’ বা ‘আওয়ামী’ শব্দ জুড়ে দিয়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘দল ক্ষমতায় থাকলে নানান সুবিধাভোগী শ্রেণি এবং বসন্তের কোকিলরা এ ধরনের চেষ্টায় লিপ্ত হয়, যুক্ত হয় নানান আগাছা-পরগাছা।’

দলীয় সভাপতির ঘোষণা অনুযায়ী দলের মধ্যে কারও প্রকাশ্যে বা অপ্রকাশ্যে এ ধরনের কাজে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দলের নাম ভাঙিয়ে ব্যক্তিস্বার্থ হাসিলের অপচেষ্টাকারীদের বিরুদ্ধে নেওয়া হবে প্রশাসনিক ব্যবস্থা।’

ওবায়দুল কাদের বলেন, ‘কোনো বিতর্কিত ব্যক্তির দলে অনুপ্রবেশ ঘটলে কিংবা কারও কর্মকা- নিয়ে প্রশ্ন উঠলে দলের গঠনতন্ত্র অনুযায়ী সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দায়ের করা যেতে পারে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত