করোনার কারণে এসএসসি ও এইচএসসিতে এবার ৩ বিষয়ে পরীক্ষা

আপডেট : ২৬ জুলাই ২০২১, ১০:৩৬ পিএম

করোনা মহামারি পরিস্থিতির কারণে এবার এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষা গ্রুপভিত্তিক (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যসহ অন্যান্য গ্রুপ) তিনটি নৈর্বাচনিক বিষয়ে সময় ও নম্বর কমিয়ে স্বাস্থ্যবিধি মেনে নেওয়া হবে।

সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ জনিত অতিমারীর কারণে এ বছর ২০২১ সালের এ পরীক্ষায় তিনটি নৈর্বাচনিক বিষয়ে সময় ও নম্বর কমিয়ে স্বাস্থ্যবিধি মেনে নেওয়া হবে।

আবশ্যিক ও চতুর্থ বিষয়ের কোনো পরীক্ষা নেওয়া হবে না।

তবে বিশেষজ্ঞ কমিটির সুপারিশে জেএসসি/সসমান ও এসএসসি সমমান পরীক্ষার নম্বরের ভিত্তিতে ‘সাবজেক্ট ম্যাপিং’ করে আবশ্যিক বিষয় এবং চতুর্থ বিষয়ের নম্বর দেওয়া হবে।

শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী চতুর্থ বিষয়ের নম্বর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে দেওয়া হবে। ফলে এ মুহূর্তে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডের চতুর্থ বিষয় পরিবর্তন বা সংশোধনের সুযোগ নেই বলে জানানো হয়েছে।

এভাবে নম্বর বণ্টনে উচ্চ শিক্ষায় ভর্তিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

এবছরের পরীক্ষার বিষয়ে গত ১৫ জুলাই শিক্ষামন্ত্রী দীপু মনি সংবাদ সম্মেলনে জানান, স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সংক্ষিপ্ত সিলেবাসের মাধ্যমে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি পরীক্ষা ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।

তিনি বলেন, “কোভিড-১৯ পরিস্থিতি অনুকূল হলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে গ্রুপভিত্তিক শুধুমাত্র ৩টি নৈর্বাচনিক বিষয়ের ওপর পরীক্ষার সময় ও নম্বর দুটিই হ্রাস করে পরীক্ষা গ্রহণ করতে আমরা পারব বলে আশা করছি।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত