রোমান সানার আজ দুই প্রতিপক্ষ

আপডেট : ২৭ জুলাই ২০২১, ০৩:২২ এএম

অলিম্পিকের মতো বড় মঞ্চে কখনই খুব বড় আশা নিয়ে যাওয়া হয়নি বাংলাদেশের ক্রীড়াবিদদের। সেই ১৯৮৪ সাল থেকে এখন পর্যন্ত অলিম্পিক কেবলই অভিজ্ঞতা অর্জন ও দেশ ভ্রমণের উপলক্ষ। টোকিও অলিম্পিকে এবারও যে বড় কোনো স্বপ্ন সঙ্গী হয়েছে, তা নয়। তবে সাম্প্রতিক সময়ে একজনের পারফরম্যান্সে মনের কোণে কিছুটা আশার সঞ্চার যে হয়নি সেটাও বলা যাবে না। তিনি রোমান সানা। এই আর্চার নিজ যোগ্যতায় গিয়েছেন অলিম্পিকের মঞ্চে। আজ তিনি ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টের এলিমিনেশনের প্রথম রাউন্ড খেলতে নামছেন। টোকিওর ইউমেনোশিমা আর্চারি ফিল্ডে আজ তাকে প্রথম রাউন্ডে মোকাবিলা করতে হবে দুই প্রতিপক্ষের। প্রথমজন মার্কিন আর্চার টম হল। আর দ্বিতীয় প্রতিপক্ষ টাইফুন নেপার্টাক। প্রতিপক্ষ হিসেবে র‌্যাংকিং রাউন্ডে ৪৮তম টম হলকে আগেই পেয়েছেন ১৭তম রোমান। দ্বিতীয় প্রতিপক্ষ হুট করে হাজির দু’দিন আগে। আবহাওয়ার পূর্বাভাস ঠিক হলে জাপানের স্থলসীমায় এই টাইফুন আঘাত হানবে আজ ভোরে। যে কারণে অলিম্পিক আয়োজকরা রোমানদের এলিমিনেশন রাউন্ড তিন ঘণ্টা পিছিয়ে দিতে বাধ্য হয়েছেন। নতুন সূচি অনুযায়ী জাপান সময় ১টা ১৮ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ১০টা ১৮ মিনিট) তীর-ধনুকের লড়াইয়ে নামবেন রোমান ও হল। নেপাটার্কের প্রভাবে ঝড়ো বাতাসের সঙ্গে লড়তে হবে এ দুজনকেই।

রোমানের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখকে অবশ্য নেপার্টাক অতটা ভাবাচ্ছে না। তার হিসাবে প্রকৃতির আচরণ দুজনের জন্যই সমান। কোচের বিশ্বাস বাতাস-বাধা পেছনে ফেলে টম হলের বাধা টপকে দ্বিতীয় রাউন্ডে যাবেন রোমান সানা। ‘র‌্যাংকিং রাউন্ডের হিসাবে রোমান কিছুটা হয়তো এগিয়ে থেকে খেলতে নামবে। তবে এ রকম ডু-অর-ডাই ম্যাচে র‌্যাংকিং কিংবা মানের হিসাব চলে না। সেই মুহূর্তে যে স্নায়ুর চাপ সামলে ভালো লক্ষ্যভেদ করবে, সেই জিতবে। আজ (গতকাল) বাতাসের মধ্যেই শেষবারের মতো প্রস্তুতিতে রোমান যেমনটা খেলল তাতে আমি আশাবাদী। আগেই বলেছি, অলিম্পিকের মতো বড় মঞ্চে ও যদি কোয়ার্টার ফাইনালে যেতে পারে তাই আমি খুশি হব’ গতকাল টোকিও থেকে ফোনে বলছিলেন ফ্রেডরিখ। নিজের খেলায় মনোযোগ দেওয়াতেই গুরুত্ব দিচ্ছেন ফ্রেডরিখ, ‘টাইফুনের প্রভাবের সঙ্গে দুজনকেই লড়তে হবে। তাই এটা নিয়ে ভেবে লাভ নেই। আর এটা রেসলিং নয় যে প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ভাবতে হবে। এখানে তাই প্রতিপক্ষের ভাবনার চেয়ে নিজের পারফরম্যান্সেই বেশি গুরুত্ব দেওয়া উচিত। রোমানকে আমি সেভাবেই চেষ্টা করেছি প্রস্তুত করতে। ওর সামর্থ্য আছে প্রাথমিক লক্ষ্য পর্যন্ত যাওয়া।’

প্রথম রাউন্ডে হল-বাধা পেরুলে আজই রোমানকে খেলতে হবে দ্বিতীয় রাউন্ড। যেখানে তার প্রতিপক্ষ হবে কানাডা অথবা মলদোভার দুই আর্চারের মধ্যে ম্যাচের বিজয়ী। আর দ্বিতীয় রাউন্ড পেরুতে পারলে তৃতীয় রাউন্ড হবে শনিবার। দেখার অপেক্ষা, আশার মশাল কতক্ষণ জ্বালিয়ে রাখতে পারেন রোমান সানা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত