মির্জাপুরের শিল্পাঞ্চলে গ্যাস লাইনে লিকেজ, আতঙ্ক

আপডেট : ২৭ জুলাই ২০২১, ০৩:৩৭ এএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের হাঁটুভাঙ্গা ওভারব্রিজ এলাকায় মহাসড়কের ওপর তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সমিশন কোং লি.-এর গ্যাস লাইনের পাইপে ফাটল দেখা দিয়েছে। এতে করে লিকেজ হয়ে ওই এলাকায় অন্তত ৫০০ মিটার এলাকা জুড়ে গ্যাস বের হচ্ছে। গ্যাস বের হওয়ায় আগুন লেগে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসী। নিরাপত্তাহীনতার মধ্যে চলাচল করছে যানবাহন এবং হাজারও শ্রমিক কর্মচারী।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ব্যস্ততম ও জাতীয় একটি মহাসড়ক। বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর মহাসড়কের গুরুত্ব অনেক বেড়ে যায়। উত্তরাঞ্চলের ২২টি জেলাসহ টাঙ্গাইল, জামালপুর ও শেরপুর জেলার ১৩৫টি রোডের যানবাহন চলাচল করে। গত ৫ বছর আগে গাজীপুরের জয়দেবপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রায় ২৫ হাজার কোটি টাকা ব্যয়ে ফোর লেন প্রকল্পের কাজ শুরু হয়। এ কারণে মহসড়কের বিভিন্ন জায়গায় মাটি খোঁড়াখুঁড়ি করতে হয়। এতে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লাইনের মহাসড়কের ওই সব এলাকায় পাইপ ফেটে ক্ষতিগ্রস্ত হয়। এতে করে গোড়াই থেকে ক্যাডেট কলেজ পর্যন্ত প্রায় ৫০০ মিটার এলাকা জুড়ে বিভিন্ন পয়েন্টে পাইপলাইনে লিকেজ হয়ে গ্যাস বের হচ্ছে। গত কয়েক দিন ধরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই ওভারব্রিজ এলাকার কয়েকটি স্থানে গ্যাসের পাইপ ফেটে আতঙ্ক ছড়িয়েছে। গ্যাস লিকেজ হওয়ায় মানবদেহের জন্য যেমন ক্ষতি হচ্ছে, তেমনি সরকারের বিপুল পরিমাণ গ্যাস অপচয় হচ্ছে। আগুন লেগে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ ব্যাপারে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোং লি.-এর টাঙ্গাইল জোনাল অফিসের ম্যানেজার মো. আব্দুর রউফ মুঠোফোনে বলেন, দুর্ঘটনা প্রতিরোধের জন্য গ্যাস লাইনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত