২০১৭ সালের পর থেকে মার্ভেল ভক্তরা অপেক্ষা করছেন ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’র তৃতীয় কিস্তির জন্য। কিন্তু সময় যেন থমকে গেছে। ভক্তদের প্রশ্ন আসলে কি তৃতীয় কিস্তি হবে?
সুখবরটি দিলেন পরিচালক জেমস গান। ছবির চিত্রনাট্য হয়ে গেছে, তারও তিন বছর আগের কথা। আর শুটিংয়ের দিনও ঠিকঠাক।
‘দ্য সুইসাইড স্কোয়াড’ ও এইচবিও’র স্পিনঅফ সিরিজ ‘পিসমেকার’-এর জন্য সর্বশেষ দুই বছর ব্যয় করেছেন জেমস গান। তবে এ দুটি প্রজেক্টের আগে থেকেই মার্ভেল ভক্তদের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ তিনি। এ কারণে সোশ্যাল মিডিয়ায় একাধিকবার তার ওপর ঝড় বয়ে গেছে।
তিনি জানালেন, নভেম্বর থেকে ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলি. থ্রি’র শুটিং হবে আটলান্টায়।
শুটিং ফ্লোরে যেতে দেরি হওয়া সত্ত্বে তিন বছর আগেই ছবির চিত্রনাট্য শেষ করেছেন জেমস গান। তিনি জানান, একের পর এক সংশোধনীর মধ্য দিয়ে গেছেন। সেই চিত্রনাট্য নিয়েই এবার মাঠে নামবেন তিনি।
ছবিটি নিয়ে অনেকেই খুশি। এই যেমন নেবুলা চরিত্রের কারেন জিলিয়ান জানান, আগের চেয়ে আবেগপূর্ণ হয়েছে এবারের চিত্রনাট্য।
চিত্রনাট্যটি আরও পড়েছেন মান্টিস চরিত্রের পম ক্লেমেন্টিফ। দুজনই পড়তে পড়তে হেসেছেন, কেঁদেছেনও।
‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’র চরিত্রের সর্বশেষ দেখা গেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছবিতে। আশা করা হচ্ছে নতুন কিস্তিতে স্বরূপে ফিরছেন ক্রিস প্র্যাট, ব্র্যাডলি কুপার, ডেভ বাতিস্তা ও ভিন ডিজেল। আর কারেন জিলিয়ান ও পম ক্লেমেন্টিফের কথা আগেই তা বলা হয়েছে।
‘এন্ডগেম’-এ অ্যাভেঞ্জারদের সঙ্গে একজোট হলেও হারাতে হয়েছে জো সালডানার গামোরা চরিত্রটি। এখন দেখার বিষয়, আলাদা কোনো টাইমলাইনে টিমের সঙ্গে চরিত্রটি যোগ দেয় কিনা, নাকি যোগ হয় শেষ সিনেমা থেকে নতুন কোনো চরিত্র!
সব ঠিক থাকলে ২০২৩ সালের ৫ মে মুক্তি পাবে ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলি. থ্রি’।
