কোয়ার্টারে ব্রাজিল, গ্রুপ থেকেই বিদায় আর্জেন্টিনার

আপডেট : ২৯ জুলাই ২০২১, ১২:১৭ এএম

গতকাল বিকেলেই সৌদি আরবকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল ব্রাজিল। আর্জেন্টিনার শেষ আট নিশ্চিত করতে দরকার ছিল স্পেনকে হারানো। কিন্তু ১-১ গোলে ড্র করেছে তারা। বিস্ময়করভাবে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে দেওয়া মিসর সমান ৪ পয়েন্ট নিয়েও গোল গড়ে আর্জেন্টিনাকে পেছনে ফেলে ‘সি’ গ্রুপ রানার্সআপ হয়ে উঠে গেছে অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে। তাই কোপা আমেরিকার ফাইনালের পর আরেকটি ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই দেখার স্বাদ মিটল না লাতিন ফুটবলের অনুরক্তদের।

সাইতামা স্টেডিয়ামে খেলার ৬৬ মিনিটে গোল করে স্পেনকে এগিয়ে দেন মিডফিল্ডার মিকেল মেরিনো। নির্ধারিত সময়ের ৩ মিনিট আগে মিডফিল্ডার টমাস বেলমন্তের গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। শেষ দিকে সমতায় ফিরলেও জয়সূচক গোলের দেখা পায়নি ২০০৪ ও ২০০৮ অলিম্পিকে স্বর্ণজয়ী আর্জেন্টিনা। ম্যাচের ৬২ শতাংশ বল ছিল স্পেনের দখলে। গোলের জন্য তাদের নেওয়া ১৭ শটের ছয়টি ছিল লক্ষ্যে। বিপরীতে প্রতি-আক্রমণনির্ভর খেলা আর্জেন্টিনা ১০ শটের পাঁচটি লক্ষ্যে রাখতে পারে। ১৯৯২-এর চ্যাম্পিয়ন স্পেন খেলবে কোয়ার্টারের বিস্ময় আইভোরি কোস্টেন সঙ্গে, যারা শেষ ম্যাচে জার্মানিকে ১-১ গোল রুখে দিয়ে ডি গ্রুপে রানার্সআপ হয়েছে।

যাদের কাছে হারে কপাল পুড়ল আর্জেন্টিনার সেই অস্ট্রেলিয়াকে গতকাল ২-০ গোলে হারিয়ে দেয় মিসর। এতে স্পেনকে হারাতেই হতো আর্জেন্টিনার। কিন্তু সমান ৪ পয়েন্ট হওয়ায় গোল গড়ে এগিয়ে থাকা মিসর উঠে যায়। বাদ পড়ে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা না পারলেও চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ‘ডি’ গ্রুপ থেকে শীর্ষে থেকেই নিশ্চিত করে কোয়ার্টার ফাইনাল। গতকাল ম্যাচের ১৪ মিনিটে স্ট্রাইকার ম্যাথিউস কুনিয়ার গোলে ব্রাজিল এগিয়ে গেলেও ২৭ মিনিটে সমতায় ফেরে সৌদি আরব। গোল করেন আব্দুলেলা আলামারি। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে সৌদির হাত থেকে ম্যাচ কেড়ে নেন প্রথম ম্যাচের হ্যাটট্রিককারী রিচার্লিসন। ৭৬ মিনিট এবং ম্যাচের ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে গোল করেন এভারটনের উইঙ্গার। রিও অলিম্পিকে স্বর্ণজয়ী ব্রাজিল স্বপ্ন দেখছে এবারও তা ধরে রাখার।

এদিকে ফ্রান্সও বাদ পড়েছে প্রথম রাউন্ড থেকেই। গতকাল এ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক জাপান ৪-০ গোলে হারায় তাদের। গ্রুপের অপর ম্যাচে মেক্সিকো ৩-০ গোলে হারায় দক্ষিণ আফ্রিকাকে। ফলে ৩ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে জাপান শীর্ষে এবং মেক্সিকো ৬ পয়েন্টে দ্বিতীয় হয়ে ওঠে কোয়ার্টার ফাইনালে।

বি গ্রুপ থেকে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া। শেষ ম্যাচে কোরিয়া ৬-০ গোলে হারায় হন্ডুরাসকে। অপরদিকে রুমানিয়া ও নিউজিল্যান্ডের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। এই দু’দলের পয়েন্ট সমান ৪ হলেও গোল গড়ে এগিয়ে থেকে দ্বিতীয় নিউজিল্যান্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত