বগুড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম মমিনুল ইসলাম রকি (৩৩)। গত মঙ্গলবার রাতে বগুড়া শহরতলির ফাঁপোড়ের কৈচর বাজারে হামলার শিকার হওয়ার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় এ আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়।
নিহত মমিনুল ইসলাম রকি ফাঁপোড় মন্ডলপাড়ার সিরাজুল ইসলামের ছেলে এবং ফাঁপোড় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি আসন্ন নির্বাচনে ফাঁপোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হতে তৎপরতা চালাচ্ছিলেন। তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
এলাকাবাসী জানায়, আওয়ামী লীগ নেতা রকি নিজ এলাকায় বসবাস না করে বগুড়া উপশহরে থাকতেন। তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে তিনি প্রায়ই বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে এলাকায় যেতেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এশার নামাজ শেষে কৈচর বাজারসংলগ্ন মাঠে লোকজনের সঙ্গে কথা বলছিলেন রকি। এ সময় একদল দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে। পরিস্থিতি বুঝে লোকজন সরে গেলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে রকিকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায় এলাকার লোকজন। সেখানে চিকাৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে মারা যান তিনি। এ হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেনি পুলিশ। রকির বিরুদ্ধে হত্যাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ দেশ রূপান্তরকে বলেন, ‘আওয়ামী লীগ নেতা রকি হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশের একাধিক দল এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে মাঠে নেমেছে। তার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবার থেকে পুলিশকে জানানো হয়েছে দাফনের পর রকির মা বাদী হয়ে মামলা করবেন।’
