নওগাঁর ধামইরহাট উপজেলা থেকে পাঁচ পর্নো ভিডিও কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় উপজেলার মঙ্গলবাড়ি বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন পার্শ্ববর্তী জেলা জয়পুরহাট সদর উপজেলার উত্তর পেচুলিয়া গ্রামের আলমগীর হোসেন (৩৬), একই এলাকার তুহিন হোসেন (২৯) এবং দক্ষিণ পেচুলিয়া গ্রামের দেলোয়ার হোসেন (৩২), ধামইরহাট উপজেলার জাহানপুর দক্ষিণ পাড়া গ্রামের বিপ্লব হোসেন (৩৩), নানাইচ গ্রামের সুমিত মহন্ত (২৮)।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানির অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি তাহমিন তৌকির জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি অফিসের কক্ষ থেকে চারটি সিপিইউ, ১১টি হার্ডডিস্ক, চারটি মনিটর, আটটি মাউস ও ১২টি বিভিন্ন ক্যাবল জব্দ করা হয়। সেই সঙ্গে পর্ন ভিডিও কারবারে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের করা হয়।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মমিন জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন অনুযায়ী র্যাব-৫ মামলা দায়ের করেছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।
