২০২১-২২ অর্থবছর

বেনাপোলে রাজস্ব লক্ষ্য ৬ হাজার কোটি টাকা

আপডেট : ০২ আগস্ট ২০২১, ১২:৪৯ এএম

বেনাপোল কাস্টমস হাউজে চলতি অর্থবছর ৬ হাজার ২৪৫ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম।

২০২০-২১ অর্থবছরে বেনাপোল বন্দরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৬ হাজার ২৪৪ কোটি ৬২ লাখ টাকা। অর্থবছর শেষে আদায় হয়েছে ৪ হাজার ১৪৩ কোটি টাকা।

২০১৯-২০ অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রার বিপরীতে ঘাটতি ছিল ৩ হাজার ৩৯২ কোটি টাকা। ২০১৮-১৯ অর্থবছরে ঘাটতি ১১৪৫ কোটি টাকা। ২০১৭-১৮ তে ঘাটতি ১৭৯ কোটি ৬৪ লাখ টাকা। ২০১৬-১৭ অর্থবছরে বেশি আদায় হয়েছিল ৪৫ কোটি ৪০ লাখ টাকা। ২০১৫-১৬ অর্থবছরে ঘাটতি ২০৩ কোটি টাকা।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা জানান, চলতি অর্থবছরে এত বড় অংকের রাজস্ব আদায় কঠিন হয়ে দাঁড়াবে। এর কারণ করোনা পরিস্থিতি ও সুষ্ঠুভাবে বাণিজ্য সম্পাদনে বন্দরে অবকাঠামো উন্নয়নের অভাব। ভারতীয় ব্যবসায়ীরাও বেনাপোল বন্দরের অব্যবস্থাপনা নিয়ে বেশ কয়েকবার বিভিন্ন কর্মসূচি দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ করেছেন। তবে কাক্সিক্ষত উন্নয়ন হলে এ বন্দর থেকে লক্ষ্যমাত্রার দ্বিগুণ রাজস্ব আয় সম্ভব বলে কাস্টম কর্তৃপক্ষ মনে করেন।

বেনাপোল কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম জানান, আমদানির ক্ষেত্রে বন্দরে পর্যাপ্ত সুবিধা না থাকায় সম্প্রসারণ হচ্ছে না বাণিজ্য। করোনা মহামারীর কারণে লক্ষ্যপূরণ না হলেও গত কয়েক অর্থবছরের তুলনায় রাজস্ব প্রবৃদ্ধি বেড়েছে রেকর্ড পরিমাণ। আমদানি পণ্য প্রবেশের ক্ষেত্রে বন্দরে স্থান সংকট রয়েছে দীর্ঘদিনের। বন্দরে চাহিদা মতো সব ধরনের উন্নয়ন করা হলে আমদানির পাশাপাশি বাড়বে রাজস্ব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত