বেশ কিছু তারকা ক্রিকেটার ছাড়াই বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নাররা নেই। নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চও ইনজুরির কারণে আসতে পারেননি। তাই দলটি নেতৃত্ব দেবেন ম্যাথু ওয়েড। টাইগারদের বিপক্ষে মাঠের লড়াই শুরুর আগে যিনি জানালেন, সিরিজ জয়েই চোখ তাদের।
পাঁচ ম্যাচের এই সিরিজটি দুই দলই নিয়েছে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। অজি অধিনায়ক ওয়েড সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পরিষ্কার করে দিলেন, বিশ্বকাপের কম্বিনেশন ঠিক করাই হবে তাদের মূল লক্ষ্য।
ওয়েড বলেন, ‘অবশ্যই আমরা এই সিরিজ জিততে চাই। প্রতিটি ম্যাচই আমরা সব সময় জিততে চাই। তবে এটা একটা সুযোগ সবাইকে দেখার যে বিভিন্ন ভূমিকায় তারা কেমন করছে। যাতে বিশ্বকাপের দল নির্বাচনের সময় বোঝা যায় কোন ভূমিকায় কে কেমন করছে। সেই সুযোগটি নিতে সবাই রোমাঞ্চিত। নানা জায়গায় নিজেদের তুলে ধরতে মুখিয়ে থাকবে অনেকেই।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষ করে বাংলাদেশে এসেছে অজিরা। তবে ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ৪-১ এ হেরেছে দলটি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অবশ্য ২-১ জয় অস্ট্রেলিয়ার।
ওয়েড বলছিলেন, ‘ভারত সিরিজের পর আমরা খুব বেশি ক্রিকেট খেলিনি। তাই ক্যারিবিয়ানে টি-টোয়েন্টি সিরিজটা ভালো যায়নি। কিন্তু আমরা ওয়ানডে সিরিজ জিতেছি। এ ছাড়া মোট ৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলে আমরা কিন্তু অনেকটাই শেপে এসেছি। এখন আমাদের কাজ হলো ফোকাসটা ধরে রাখা। আমরা অবশ্যই জিততে চাই। স্কিলের দিক থেকে কাজ করে যাচ্ছি। আশা করি কাল বোলার এবং ব্যাটসম্যানরা পরিকল্পনার সঠিক প্রতিফলন করতে পারবে এবং সিরিজটা ভালো ভাবে শুরু করতে পারব।’
ফিঞ্চের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া প্রসঙ্গে বলেন, ‘ফিঞ্চ ইনজুরিতে পড়বে এবং আমি নেতৃত্ব পাব এটা আশা করিনি। এমনিতে দলের প্রত্যেককেই তো তার জায়গা থেকে তার কাজের ব্যাপারে দায়িত্ব নিতে হয়। তো সব ক্রিকেটারের ওপর সেই বিশ্বাসটা আমার আছে।’
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। একই ভেন্যুতে পরের চারটি ম্যাচ হবে যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট।
আরো পড়ুন
