বগুড়ার শিবগঞ্জে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। গত রবিবার সন্ধ্যায় ঢাকা-রংপুর মহাসড়কের কাগইল রাস্তার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সোনাতলা উপজেলার জনার্দনপুর গ্রামের আলতাফ আলীর স্ত্রী জেসমিন আক্তার শিমু (৪৫) ও তার মেয়ে বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী আফরিন জাহান অমি (১৫)।
স্থানীয়রা জানান, গত রবিবার বিকেলে মোটরসাইকেলে স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে গ্রামের বাড়ি থেকে শিবগঞ্জ সদরের দিকে যাচ্ছিলেন আলতাফ। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের কাগইল রাস্তার মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এ ঘটনায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তার স্ত্রী শিমু ও মেয়ে অমি। ওই সময় বগুড়াগামী দ্রুতগতির একটি বাস ওই দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আলতাফ আহত হয়েছেন।
এ ছাড়া গতকাল সোমবার সকালে চট্টগ্রাম ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আরও দুই ব্যক্তি নিহত হয়েছেন। এর মধ্যে সীতাকুন্ড উপজেলার বাড়বকুন্ড সড়কের পিএইচপি গেইট এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় মো. আব্দুল মান্নান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাছাড়া টাঙ্গাইলের ঘাটাইলে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কাজী আরিফ (৪৭) নামে অপর এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।
