‘২৬ বছরের দাম্পত্য জীবনের গল্প বলে শেষ করা যাবে না’

আপডেট : ০২ আগস্ট ২০২১, ১১:২৬ পিএম

১৯৯৫ সালের ২ আগস্ট ভালোবেসে বিয়ে করেন নব্বইয়ের সাড়া জাগানো জুটি চিত্রনায়ক ওমরসানী ও প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমী। আজ ২৬ বছরে পা রাখল তাদের দাম্পত্য জীবন। একসঙ্গে ২৬ বছর পাড়ি দেওয়ার অনুভূতি জানাতে গিয়ে দেশ রূপান্তরকে ওমরসানী বললেন, ‘২৬ বছরের দাম্পত্য জীবনের গল্প বলে শেষ করা যাবে না। পুরো একটা দিন লেগে যাবে। শুধু এটুকু বলতে চাই আমরা দুজনেই বেশ ভালোভাবেই এতটা সময় পার করে এসেছি। বাকিটা জীবনও এভাবেই ভালোভাবে কাটাতে চাই।’

বিয়ে বার্ষিকীর দিনটি কেমন কাটল জানতে চাইলে ওমরসানী বলেন, ‘ভালো কেটেছে। বিকেলের দিকে আমার বোন ভাগনে-ভাগনি সবাই চলে এসেছে। পরিবারের বাইরে কেউ আসে নাই। পরিবারের সদস্যরাই আছেন। তারা খাবার নিয়ে এসেছেন । ওদের সঙ্গে কিছুটা সময় কাটিয়েছি। ছবিটবি তোলা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কোভিডের মধ্যে তেমন কোনো আয়োজন করি নাই। তবে ডায়মন্ড ওয়ার্ল্ড আমাকে এবং মৌসুমীকে একটা গিফট পাঠিয়েছে। বন্ধু বান্ধবরা, শুভাকাঙ্ক্ষীরা সবাই শুভেচ্ছা জানিয়েছেন।’

দাম্পত্য জীবনের দীর্ঘপথ পাড়ি দেওয়ার বিষয়ে সানী বলেন, ‘২৬ বছরের গল্প বলতে গেলে সকাল থেকে বিকেল পর্যন্ত লেগে যাবে। শুধু এটাই বলব ভালোই কেটেছে, বাকি জীবন মানে কবর পর্যন্ত এভাবেই কাটাতে চাই।’

এদিকে ২ আগস্ট প্রথম ভাগে (রাত ১২টার পরেই) কেক কেটে বিয়ে বার্ষিকী উদ্‌যাপন করেন মৌসুমী ও ওমরসানী। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে সবার কাছে দোয়াও চেয়েছেন এই দম্পতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত