করোনায় আক্রান্ত

দেশে মৃত্যুর সংখ্যা এক লাখের কম নয় : ফখরুল

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ০১:৫৬ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এক লাখের কম নয়। গতকাল সোমবার লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে জেলার কভিড-১৯ হেল্প সেন্টারের উদ্বোধন এবং করোনাভাইরাস সংক্রমণে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ দাবি করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকারি হিসাবে করোনায় এখন পর্যন্ত ২০ হাজার ৯১৪ জন মারা গেছেন। কিন্তু পত্রিকাতেই আছে, বাড়িতে মৃত্যুর সংখ্যা ৬৫ ভাগ। এই ২০ হাজার ৯১৪ জনের সঙ্গে ওই ৬৫ ভাগ যোগ করেন। তাহলে এই সংখ্যা এক লাখের নিচে কখনোই না। তা ছাড়া এখন পর্যন্ত সংক্রমণে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে সরকারের যে হিসাব তা সঠিক নয়।’

তিনি বলেন, ‘আজকের একটি পত্রিকার হেডলাইন হচ্ছে, ‘করোনা নিয়ে সরকারের নানা অসংগতি’। এ কথাটা আমরা বারবার বলে আসছি। ইফ ইউ ডোন্ট গেট দ্যাট একজ্যাক্ট ডেটা, আপনি সমাধান করবেন কী করে? সুতরাং আপনি প্রথমেই ভুল করছেন এবং জেনেশুনে ভুল করছেন। আজ সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, জনগণের সঙ্গে প্রতারণা করছে। এটা কোনো দায়িত্বশীল সরকার করতে পারে না।’

‘সরকার ৫০০ টাকার জিনিস ৫০ হাজার টাকায় নেয়’ এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘৩০০ টাকার জিনিস তারা ৩ হাজার টাকায় নেয়, ৫০০ টাকার জিনিস তারা ৫০ হাজার টাকায় নেয়। এখন পর্যন্ত যতগুলো তথ্য আমাদের কাছে এসেছে এবং পত্রিকায় বেরিয়ে এসেছে, সেই মতে করোনাকালে দুর্নীতি করে স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার পর্যন্ত ৪-৫ কোটি টাকার মালিক হয়ে গেছে।’

তিনি বলেন, ‘করোনা চিকিৎসার জন্য নির্ধারিত কয়েকটি হাসপাতালে আইসিইউ বেড না থাকলেও স্বাস্থ্য অধিদপ্তর তথ্য দিচ্ছে যে আইসিইউ শয্যা আছে। ভোলা, কুষ্টিয়া, বাগেরহাট, পটুয়াখালী, জামালপুর স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে এই পাঁচ জেলায় করোনা রোগীদের জন্য ২০টি আইসিইউ রয়েছে। কিন্তু আসলে এগুলোতে কোনো আইসিইউ নাই। সবকিছু হঠাৎ করে উধাও হয়ে যায়। যেমন রাতের আঁধারে করোনা হাসপাতাল উধাও হয়ে গেছে।’

জিয়াউর রহমান নয়, ১৫ আগস্টে বঙ্গবন্ধু হত্যাকান্ডের সঙ্গে আওয়ামী লীগ জড়িত, দাবি মির্জা ফখরুলের : ভার্চুয়াল অনুষ্ঠানে মির্জা ফখরুল দাবি করে বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নয়, ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকা-ের সঙ্গে আওয়ামী লীগ জড়িত। অন্য কেউ এর সঙ্গে জড়িত ছিল না। যারা করেছে, তারা সামরিক বাহিনীর লোক ছিল। কাজেই মাছ দিয়ে শাক ঢাকবার চেষ্টা করবেন না।’

কাউকে দোষারোপ না করে আওয়ামী লীগকে শোধরানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘নিজেদের অপকর্ম ঢাকার জন্য অন্যকে দোষারোপ করে লাভ নেই। নিজেরা পরিচ্ছন্ন হোন, শুদ্ধ হোন। হত্যার রাজনীতি বাদ দেন। সন্ত্রাসের রাজনীতি বাদ দেন। জনগণের সঙ্গে প্রতারণার রাজনীতি বাদ দেন। জনগণের আকাক্সক্ষাকে সঠিকভাবে পূরণ করুন।’

লালমনিরহাট জেলা সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত