ট্রেন্টব্রিজ টেস্ট দিয়ে আজ শুরু চ্যাম্পিয়নশিপের নতুন চক্র

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১২:৪০ এএম

ভারত আর ইংল্যান্ডের টেস্ট প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস ৮৯ বছরের। কী করে সম্ভব? ভারত স্বাধীন হয়েছে ১৯৪৭-এ। কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের অংশ হিসেবে আলাদাভাবে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলেছে ভারত ১৯৩২ সালে। এখন যেমন গ্রেট ব্রিটেনের অংশ হয়েও আইরিশরা খেলে ইংল্যান্ডের বিপক্ষে।

আজ ট্রেন্টব্রিজ টেস্ট শুরুর আগে ইতিহাস ঘাঁটার একটা কারণ আছে। পরাধীন ভারত প্রথম টেস্টে হেরেছিল। এরপর স্বাধীন হওয়ার আগে আরও যে তিনটি টেস্ট সিরিজ খেলেছিল ইংল্যান্ড-ভারত সবগুলোই ছিল তিন ম্যাচের। ১৯৫২ সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ৫ টেস্টের সিরিজ খেলে ভারত। বিজয় হাজারের নেতৃত্বে সেই সিরিজ ১-১ এ ড্র করেছিল তারা। ১৯৮৫ সাল পর্যন্ত ৫ টেস্টের সিরিজ নিয়মিত হতো। তারপর ২৯ বছর বন্ধ ছিল। ২০১৪-তে আবার শুরু হয়। এখনো চলছে। ইংল্যান্ড জিতেছে ৫ বার। আর ৯টা ৫ টেস্টের সিরিজের তিনটা জিতেছে ভারত। দুইটা ড্র। এমনিতে ১২৬ টেস্ট খেলেছে দুই দেশ। ৪৯ টেস্ট জিতেছে ইংল্যান্ড। ৩০ টেস্ট জিতেছে ভারত। বাকি ৪৯টা ড্র। ইংল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজে জিতেছে ভারত, প্রথমটি ১৯৭১ সালে, দ্বিতীয়টি ১৯৮৬ সালে। এবার কী হবে?

ট্রেন্টব্রিজের বাইশ গজ সবুজে ঢাকা থাকবে বলেই জানিয়েছে স্বাগতিকরা। জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডদের মতো বোলার থাকলে কে আর ঘাস ছাঁটতে চায়। ইংল্যান্ডের হয়ে সর্বাধিক ১৬২ টেস্ট খেলা অ্যান্ডারসন বলেছেন, ‘আমরা যদি ঘাস রেখে দিই আশা করি তাতে ভারত কিছু মনে করবে না। সম্প্রতি আমরা তাদের দেশ সফর করেছি। ওরাও ঘরোয়া কন্ডিশনের সুযোগ নিয়েছিল। দুনিয়ার সবাই এটা নিয়ে থাকে।’ ৬১৭ টেস্ট উইকেটের মালিক উইকেটে ঘাস রেখে ভয় দেখাতে চাচ্ছেন। ভারতীয় দলে আছে মোহাম্মদ সিরাজ এবং জাসপ্রিত বুমরাহর মতো বোলার। কৌশলটা তাই বুমেরাংও হতে পারে। মোহাম্মদ সিরাজ তো ইংলিশ অধিনায়ক জো রুটের উইকেট নেওয়ার ঘোষণা দিয়ে খেলতে নামছেন। তাছাড়া ভারতের অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমার কাছে জয়টাই শেষ কথা। ইংল্যান্ডে জয় পেলে তৃপ্তি আরও বেড়ে যায়। তাই নিজের ব্যক্তিগত নজির নিয়ে না ভেবে দলের জয়ের কথা ভাবতে চাই। মাঠে নামলেই জেতার কথা ভেবে এসেছি। এবারও সেই মানসিকতা নিয়ে খেলতে চাই। বিদেশের মাঠে আমরা আগেও টেস্ট সিরিজ জিতেছি। এবারও সেই একই ধারা বজায় থাকবে। আমরা জেতার জন্যই খেলব। তাই অসহায় আত্মসমর্পণের প্রশ্নই আসছে না। টেস্টের তৃতীয় কিংবা চতুর্থ দিনও এই মানসিকতা নিয়েই খেলতে হবে।’

ভারত ওপেনিং নিয়ে সমস্যায় আছে। ইনজুরির কারণে খেলতে পারছেন না শুভমান গিল। অনুশীলনে সিরাজের শর্ট বল খেলতে গিয়ে মাথার পেছনে চোট পেয়েছেন মায়াঙ্ক আগরওয়াল। তিনিও এ টেস্টে খেলতে পারবেন না। তার জায়গায় সুযোগ পেতে পারেন কাউন্টি একাদশের বিপক্ষে ৩ দিনের প্রস্তুতি সেঞ্চুরি করা লোকেশ রাহুল। তবে ওপেন করার চেয়ে রাহুল এখন মিডল অর্ডারেই খেলতে বেশি পছন্দ করেন। সেক্ষেত্রে সুযোগ পেতে পারেন অভিমন্যু ঈশ্বরনও। মানসিক অবসাদের কারণে প্রথম দুই টেস্টে খেলছেন না বেন স্টোকস। এটা ইংল্যান্ডের জন্য বড় ধাক্কা। অধিনায়ক রুট বলেছেন, ‘বেনের কোনো তুলনা হয় না। এই দলের জন্য সে হৃদস্পন্দনের মতো। তবে আমরা আগেও তাকে ছাড়া খেলেছি। যারা সুযোগ পাবে তারাও নিজেদের প্রমাণ করার জন্য মুখিয়ে থাকবে।’ তিন দিনের ওই প্রস্তুতি ম্যাচে ১১২ রান করা পাকিস্তানি বংশোদ্ভূত হাসিব হামিদকে প্রায় ৫ বছর পর টেস্ট দলে ডেকেছে ইংল্যান্ড।

এই ম্যাচ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু হচ্ছে। প্রথম চক্রে প্রতি সিরিজের জন্য ১২০ পয়েন্ট বরাদ্দ থাকলেও, এবার প্রতি ম্যাচ জয়ের জন্য ১২ পয়েন্ট দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত