যুক্তিসঙ্গত কারণ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে করোনার টিকা না নিলে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। গত সোমবার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে এ নির্দেশনা কার্যালয়ের সরকারি আইন কর্মকর্তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাটর্নি জেনারেল অফিসের যে সকল কর্মকর্তা ও কর্মচারী এখনও কডিড-১৯ এর ভ্যাকসিন (টিকা) গ্রহণ করেননি তাদের নিবন্ধন সম্পন্ন করে আগামী ১৬ আগস্টের মধ্যে ভ্যাকসিন গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো। অ্যাটর্নি জেনারেল অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী ভ্যাকসিন গ্রহণ সম্পর্কিত টিকা কার্ড/টিকা সনদ আগামী ২২ আগস্ট হতে ৩১ আগস্টের মধ্যে প্রশাসনিক শাখায় জমা প্রদান করবেন। এতে বলা হয়, ওই সময়ের মধ্যে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত ভ্যাকসিন গ্রহণ না করলে সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীর বিরুদ্ধে বেতন বন্ধসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশাসনিক কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ দেশ রূপান্তরকে জানান, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল, তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৫০ জন সহকারী অ্যাটর্নি জেনারেলসহ ২২০ জন সরকারি আইন কর্মকর্তা হিসেবে দায়িত্বে রয়েছেন। এছাড়া কার্যালয়ে ১৮০ জন অফিস কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করছেন। এ বিজ্ঞপ্তিটি আইন কর্মকর্তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তিনি বলেন, ‘অ্যাটর্নি জেরারেল স্যারের নির্দেশে এ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। এটি শুধু কার্যালয়ের অফিসে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ইতিমধ্যে তাদের অনেকেই টিকা নিয়েছেন।’
