মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও মেলিন্ডা গেটসের বিবাহবিচ্ছেদ গত সোমবার আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। আদালতের নথি সূত্রে এ খবর দিয়েছে রয়টার্স।
গত ৩ মে বিল গেটস ও মেলিন্ডা বিচ্ছেদের জন্য আবেদন করেন। এর মধ্য দিয়ে ২৭ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দেন তারা।
ওই সময় বিল ও মেলিন্ডা বলেছিলেন, তাদের সম্পদ কীভাবে বণ্টন করা হবে, এ নিয়ে মতৈক্যে পৌঁছেছেন। কিন্তু গতকাল আদালতের যে আদেশ এসেছে, তা থেকে এ-সংক্রান্ত কোনো তথ্য জানা যায়নি। এমনকি তাদের মধ্যে কী ধরনের চুক্তি হয়েছে, তাও জানা যায়নি।
বিল ও মেলিন্ডার ক্ষেত্রে আদালত সতর্ক অবস্থান নিয়েছে। ফলে এ বিচ্ছেদের মাধ্যমে কীভাবে সম্পদ বণ্টন করা হবে, আর্থিক হিসাবপাতি কীভাবে হবে এবং একে অপরের প্রতি কী ধরনের দায়িত্ব পালন করবেন, সে বিষয়ে আদালত কিছুই বলেনি। যদিও আদালত জানিয়েছে, বিচ্ছেদের শর্ত অনুসারে তারা তাদের দায়িত্ব পালন করবেন।
বিল গেটসের মাইক্রোসফট করপোরেশনের যাত্রা শুরু হয়েছিল ১৯৭৫ সালে। এর এক যুগ পর ১৯৮৭ সালে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে মাইক্রোসফটে যোগ দেন মেলিন্ডা। প্রেম শুরুর সাত বছর পর ১৯৯৪ সালে বিয়ে করেন বিল ও মেলিন্ডা। গত বছর তারা এ প্রতিষ্ঠান থেকে অবসরে যান।
অবশ্য ২০০০ সালে এ দম্পতি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন গড়ে তোলেন। এটি এখন বর্তমান বিশ্বের প্রভাবশালী ফাউন্ডেশনগুলোর অন্যতম। বিশ্বজুড়ে পোলিও, ম্যালেরিয়া ও শিশুর পুষ্টি নিশ্চিত এবং টিকাদান কার্যক্রম পরিচালনায় কাজ করছে গেটস ফাউন্ডেশন। করোনা মহামারী মোকাবিলায় ফাউন্ডেশনের মাধ্যমে ১৭৫ কোটি ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিল ও মেলিন্ডা।
