আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রতিরক্ষামন্ত্রীর বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে তালেবান যোদ্ধারা। এ সময় আফগান সরকারি বাহিনীর সঙ্গে গোলাগুলিতে চারজন নিহত হয় বলে জানিয়েছে বিবিসি।
গত মঙ্গলবার মধ্যরাতে এ হামলা চালানো হয়। তবে হামলার সময় বাড়িতে ছিলেন না প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদি। বাড়িতে থাকা পরিবারের সদস্যদের অন্যত্র নিরাপদে সরিয়ে নেওয়া হয় ঘটনার পরপরই।
আফগান সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের তীব্র লড়াই চলছে বেশ কয়েকটি শহরে। এদিকে সহিংস হামলা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল। নিরাপত্তা বাহিনীর সদস্যরা এএফপিকে জানান, চারজন নিহত হয়েছে হামলার ঘটনায়। তবে ইতালির একটি দাতব্য সংস্থার পক্ষ থেকে ১১ জন আহত হয়েছে বলে জানানো হয়েছে।
হামলার ঘটনার পরপরই এক টুইট বার্তায় প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদি জানান, ‘উদ্বেগের কারণ নেই, সবকিছু ঠিক আছে।’ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে বলছে, তালেবানরাই এ হামলা চালিয়েছে।
