কুমিল্লার মুরাদনগরে বখাটেদের অপমান সইতে না পেরে এক মাদ্রাসাছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার নাম সুমাইয়া আক্তার (১৫)। গত মঙ্গলবার বিকেলে বাঙ্গরাবাজারের পূর্বধৈইর পশ্চিম ইউনিয়নের নবীয়াবাদ গ্রামের নিজ বাড়িতে বিষপানের পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই তার মৃত্যু হয়।
সুমাইয়া নবীয়াবাদ গ্রামের গোলাম ছান্দানির মেয়ে ও নবীয়াবাদ আব্দুল ওয়াদুদ সরকার ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী।
মা রিনা বেগম জানান, গত সোমবার বিকেলে সুমাইয়া বাড়ির পাশে কালভার্টের ওপর দাঁড়িয়ে প্রতিবেশী দুই কিশোরের সঙ্গে কথা বলছিল। এ সময় নবীয়াবাদ গ্রামের হোসেন মিয়ার ছেলে সোহেল মিয়া, হাকিম মিয়ার ছেলে জাকির মিয়া, হেলাল মিয়ার ছেলে শরিফ মিয়া, কাদির মিয়ার ছেলে শাহাদাত, কাশেম মিয়ার ছেলে ইসমাঈল এবং মোর্শেদ মিয়ার ছেলে সোহাগসহ একদল বখাটে তাদের কথা বলতে দেখে বিভিন্ন নেতিবাচক মন্তব্যসহ দীর্ঘক্ষণ অপমান করে। সেই অপমান সইতে না পেরে গত মঙ্গলবার বিকেলে বিষপান করে সুমাইয়া। পরে পরিবারের সদস্যরা বিষপানের বিষয়টি বুঝতে পেরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মৃত্যু হয় সুমাইয়ার।
বাঙ্গরাবাজার থানার ওসি মো. কামরুজ্জামান গতকাল সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, ‘মাদ্রাসাছাত্রীর মৃত্যুর খবরটি পেয়েছি। তবে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
