স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ত্বরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও চট্টগ্রামের ফটিকছড়ির সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। তিনি বলেন, ‘ইউনিয়ন পর্যায়ে কভিড-১৯ এর গণটিকা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্র্তৃক একেকবার একেক সিদ্ধান্ত জানিয়ে পরিস্থিতি ঘোলাটে করা হচ্ছে। এহেন কর্মকান্ডে আমার মনে হয় স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলকে কথা বলার সুযোগ করে দিচ্ছেন। আমরা জনপ্রতিনিধিরাও বিব্রতকর পরিস্থিতিতে পড়ছি।’ গতকাল শনিবার দুপুরে ফটিকছড়ির ধর্মপুর ও রোসাংগিরীতে ইউনিয়ন পর্যায়ে কভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় মাইজভান্ডারী বলেন, ‘গ্রামগঞ্জে মসজিদ ও মন্দিরে মাইকিং করে গণটিকা নিতে মানুষকে উদ্বুদ্ধ করায় মানুষ ব্যাপক হারে উপস্থিত হতে চলেছে। এমন সময় ভিন্ন কথা বলে স্বাস্থ্যমন্ত্রী বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে। আমি আশা করি, সবার সঙ্গে পরামর্শ করে পদক্ষেপ নেওয়া হবে; যেটি অপরিবর্তিত থাকবে। এর ব্যত্যয়ে জনমনে ক্ষোভ সৃষ্টি হলে আমরা জনপ্রতিনিধিরা দায়দায়িত্ব নেব না। তাই আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, স্বাস্থ্যমন্ত্রীর ব্যাপারে চিন্তাভাবনা করা উচিত এবং এটা অতীব জরুরি। স্বাস্থ্যমন্ত্রীর কারণেই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘করোনা বিস্তার রোধে জনগণকে মাস্ক পরানোর ব্যাপারে মসজিদের ইমামগণ সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারেন। তাই তাদের অনুরোধ জানাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের বেশি ভূমিকা রাখতে হবে।’
