করোনা রোগীদের চিকিৎসাসেবা দিতে রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে স্থাপিত ফজিলাতুন নেছা মুজিব কভিড ফিল্ড হাসপাতালে রোগী ভর্তি শুরু হয়েছে। গতকাল রবিবার বিকেল সাড়ে ৪টার পর থেকে রোগী ভর্তি শুরু হয় হাসপাতালটিতে।
বঙ্গবন্ধুপত্নির নামে নামকরণ করা এ হাসপাতালটি গতকাল তার জন্মদিন থেকে কার্যক্রম শুরু করে। গত শনিবার হাসপাতালটির উদ্বোধন হয়। গতকাল সকাল থেকে রোগী ভর্তির কথা থাকলেও অক্সিজেন সরবরাহ লাইনে ত্রুটি থাকায় সকাল থেকে রোগী ভর্তি করতে পারেনি কর্র্তৃপক্ষ। এতে দুর্ভোগে পড়ে দেশের বিভিন্ন স্থান থেকে আসা রোগী ও তাদের স্বজনরা। বিকেলে শুরুর পর ৭ জন রোগী ভর্তি হয়। এ সময় হাসপাতালের কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ লাইনের ত্রুটি ঠিক করা হয়। এ ব্যাপারে হাসপাতালের পরিচালক
ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম খান দেশ রূপান্তরকে বলেন, ‘হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন লাইনে সমস্যা থাকার কারণে সময়মতো রোগী ভর্তি করা যায়নি। তবে, বিকেল সাড়ে ৪টার মধ্যে সব ঠিকঠাক করে আমরা রোগী ভর্তি শুরু করি। শুরুতেই ৭ জন রোগী ভর্তি হয়।’
সরেজমিনে গতকাল হাসপাতালে দেখা যায়, অনেক রোগী এসে ভিড় করলেও কাউকে ভর্তি নিচ্ছে না হাসপাতাল কর্র্তৃপক্ষ। দায়িত্বরত চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা যায়, অক্সিজেন সরবরাহ লাইন ঠিকভাবে কাজ করছিল না; তাই কোনো রোগী ভর্তি করা যায়নি।
চিকিৎসকরা জানান, হাসপাতালে রোগী ভর্তির ক্ষেত্রে কর্র্তৃপক্ষ কিছু নির্দেশনা মেনে চলছে। নতুন ও মুমূর্ষু রোগী ছাড়া এ হাসপাতালে ভর্তি হওয়া যাবে না। তবে, কোনো হাসপাতালে ভর্তি থাকা রোগী যদি সেই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দ্বারা সুপারিশকৃত হন, তবেই তাকে ভর্তি করা হবে। এ ছাড়া, অন্য কোনো হাসপাতালে ভর্তি থাকা কোনো কভিড রোগী এখানে ভর্তি হতে পারবেন না।
এর আগে গত শনিবার হাসপাতালটির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মাত্র ২০ দিনে তৈরি হওয়া এ হাসপাতালে প্রাথমিকভাবে ৩৫৭টি শয্যা নিয়ে চালু করা হয়েছে। এর মধ্যে ৪০টি আইসিইউ, বাকিগুলোয় সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করা হয়েছে। হাসপাতালটিতে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহ করার জন্য ১০ হাজার লিটার তরল অক্সিজেন ভিআই ট্যাংক স্থাপন করা হয়েছে। হাসপাতালটিতে রোগীদের জন্য ওষুধ, সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া, আধুনিক ভর্তি কাউন্টার, অভ্যর্থনা কেন্দ্র, মিনি ল্যাবরেটরিসহ রয়েছে আরও আধুনিক সুবিধা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, হাসপাতালটি পর্যায়ক্রমে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে। বিএসএমএমইউর বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কনভেনশন সেন্টার হলের হাসপাতালটি ফাইভ স্টার মানের ভবন। কনভেনশন সেন্টার হলের নিচতলায় ফিল্ড হাসপাতালের জন্য শয্যা বসানো হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ফ্লোরেও ফিল্ড হাসপাতালটি সম্প্রসারণ করা হবে। এটি দ্রুততম সময়ে সম্পন্ন করার প্রত্যাশা করছেন তারা।
