বিএনপি নেতা তৈমুরের বাড়িতে তিন দফা হামলা, গ্রেপ্তার নেই

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ০৬:৫৭ পিএম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এড. তৈমুর আলম খন্দকারের বাড়িতে দফায় দফায় হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে।

সোমবার তৈমুর আলম খন্দকার দেশ রূপান্তরকে জানান, তিন দফা হামলার ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। ফুটেজ দেখে এক হামলাকারীকে চিহ্নিত করার পরও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না।

এ ব্যাপারে তৈমুরের ছোট ভাই কাউন্সিলর মাকসুদুল আলম খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনা ফতুল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

হামলা প্রসঙ্গে তৈমুর আলম খন্দকার বলেন, রোববার রাত ১২ টা থেকে ১ টা পর্যন্ত ৩ দফায় সন্ত্রাসী হামলা হয়েছে আমার বাড়িতে। প্রাইভেটকারযোগে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে আমার বাড়িতে ঢোকার চেষ্টাসহ গেট ভাঙার চেষ্টা চালায়। ফতুল্লা থানায় ফোন করার পরও পুলিশ না আসায় ৩য় বার হামলার পর ৯৯৯ এ ফোন করার পর পুলিশ আসে। ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, সিসিটিভি ক্যামেরায় ভিডিও ফুটেজ দেখে একজনকে চিহ্নিত করা হয়েছে। সে ইসদাইর এলাকার পরিবহন নেতা চেঙ্গীসের ভাতিজা এবং এমরান হোসেনের ছেলে ইসতু। পুলিশ তাকে গ্রেপ্তার করছে না।

তবে ৯৯৯ এ ফোন করার সাথে সাথে সহযোগিতা পাওয়ায় জাতীয় জরুরি সেবা নম্বর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তৈমুর।

এ ব্যাপারে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ রাকিবুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে। থানায় অভিযোগ হয়েছে। হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত