মহালছড়ির দুরছড়ি এলাকা থেকে বিরাজ মনি চাকমাকে (৩৮) অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। গত রবিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে মহালছড়ি জোনের সেনাবাহিনীর একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। বিরাজ মনি চাকমা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মূল সংগঠনের (প্রসিত) সদস্য।
জানা যায়, বিরাজ দীর্ঘদিন যাবৎ দুরছড়ি এলাকায় চাঁদাবাজিতে জড়িত এবং ২০১৮ সালে তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা হত্যা মামলায় তিনি অন্যতম আসামি। তল্লাশি করে তার কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চাঁদা সংগ্রহের রসিদ বই ও মোবাইল উদ্ধার করা হয়। নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান শেষে মহালছড়ি জোনে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।
এদিকে ইউপিডিএফের মহালছড়ি উপজেলা সংগঠক দিগন্ত চাকমার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিরাজ মনি চাকমা সংগঠনের কেউ নয় দাবি করে বলেন, ইউপিডিএফ সংগঠনের সঙ্গে বিরাজের কোনো সম্পর্ক নেই। তিনি আরও দাবি করেন, বিরাজ গ্রামের নিরীহ ব্যক্তি।
মহালছড়ি থানার ওসি হারুনুর রশিদ বলেন, বিরাজ মনি চাকমা নামে একজনকে সেনাবাহিনী আটক করেছে শুনেছি। তবে এখনো (এ প্রতিবেদন লেখা পর্যন্ত) থানায় হস্তান্তর করেনি।
