নিজ দেশের নাগরিকদের আফগানিস্তান ছাড়ার আহ্বান জানিয়েছে ভারত। গতকাল মঙ্গলবার আফগানিস্তানের মাজার-ই-শরিফ থেকে দিল্লিগামী বিশেষ ফ্লাইটে ভারতীয় নাগরিকদের দেশে ফিরতে বলা হয়েছে। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই ভারত সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
মাজার-ই-শরিফের কনস্যুলেট জেনারেল অব ইন্ডিয়া এক টুইট বার্তায় লিখেছে, মাজার-ই-শরিফ থেকে একটি বিশেষ ফ্লাইট দিল্লির উদ্দেশে রওনা দেবে। মাজার-ই-শরিফ এবং এর বাইরে অবস্থানরত ভারতীয় নাগরিকদের আফগানিস্তান থেকে দেশে ফেরার আহ্বান জানানো হচ্ছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ ফ্লাইটে দেশে ফিরতে পারেন ভারতীয় নাগরিকরা।
সরকারি হিসাব অনুযায়ী, বর্তমানে আফগানিস্তানে দেড় হাজার ভারতীয় নাগরিক অবস্থান করছেন। এদের মধ্যে যারা বিশেষ ফ্লাইটে দেশে ফিরতে চান তাদের জরুরি ভিত্তিতে দূতাবাসে গিয়ে নিজেদের বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে। গত মাসে কান্দাহারে অবস্থিত দূতাবাস থেকে প্রায় ৫০ জন কূটনীতিক এবং নিরাপত্তা সদস্যকে দেশে ফিরিয়ে নিয়েছে ভারত। আফগানিস্তানে আগ্রাসী হয়ে একের পর এক শহর দখল করে নিচ্ছে তালেবান। অন্যদিকে তাদের কাছ থেকে বিভিন্ন শহরের নিয়ন্ত্রণ ফিরিয়ে নিতে লড়াই করে যাচ্ছে আফগান বাহিনী।
