সাতটি বেসরকারি হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ

আপডেট : ১১ আগস্ট ২০২১, ০২:০৩ এএম

রাজধানীর মোহাম্মদপুরে ৬টি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ও ১টি ব্লাডব্যাংকের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৮ জুলাইয়ে আকস্মিক পরিদর্শনে নানা রকম অনিয়ম পাওয়ায় পরে এ নির্দেশ দেওয়া হয়। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সই হাসপাতালগুলোর নাম ও বন্ধের কারণ জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, অনিয়মের ভিত্তিতে মহাপরিচালকের অনুমোদনে এই ৭টি প্রতিষ্ঠানকে সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং কেন তাদের লাইসেন্স বাতিল হবে না এ মর্মে কারণ দর্শানো নোটিস জারি করা হয়েছে।

কার্যক্রম বন্ধের সেসব প্রতিষ্ঠানগুলো হলো : প্রাইম অর্থোপেডিক ও জেনারেল হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, ঢাকা হেলথ কেয়ার হসপিটাল, রিমেডি কেয়ার লিমিটেড, লাইফ কেয়ার জেনারেল হসপিটাল, যমুনা জেনারেল হসপিটাল, রয়াল মাল্টিকেয়ার স্পেশালটি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, রাজধানী ব্লাডব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টার।

বন্ধের কারণ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাসপাতালগুলোতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) সনদপ্রাপ্ত কোনো চিকিৎসক কর্মরত পাওয়া যায়নি, পর্যাপ্ত সংখ্যক নার্স কর্মরত ছিলেন না, ল্যাব টেকনোলজিস্ট পাওয়া যায়নি, রোগীদের কাছ থেকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় সরকার নির্ধারিত মূল্যের থেকে অধিক মূল্য রাখা হতো। এছাড়া প্রয়োজন ছাড়া শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে আইসিউতে রোগী রেখে অনৈতিক প্র্যাকটিসের প্রমাণ পাওয়া গিয়েছিল, হালনাগাদ লাইসেন্স ছাড়াই অবৈধভাবে পরিচালিত হয়েছিল, বর্জ্য ব্যবস্থাপনা ও সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা (আইপিসি) খুবই অসন্তোষজনক ছিল, একই আইসিইউ-তে একইসঙ্গে কভিড এবং নন-কভিড রোগীর চিকিৎসা করা হয়, সরকার নির্ধারিত মূল্যের থেকে অধিক মূল্যে অক্সিজেন বিল করা হতো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত