বাড়িতে টিকা নিলেন তানোর উপজেলা চেয়ারম্যান

আপডেট : ১১ আগস্ট ২০২১, ০২:১১ এএম

কেন্দ্রে না গিয়ে নিজ বাড়িতে বসে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন রাজশাহীর তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না।

গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে টিকা নেন তিনি। টিকাগ্রহণের এ ছবি তার ব্যক্তিগত সহকারী জামিন রহমান নিজের ফেইসবুকে আপলোড করেন।

চেয়ারম্যান বলেন, ‘টিএইচও কয়েক দিন ধরে আমাকে বলছেন, টিকা এসেছে, না নিলে পরে পাওয়া অসম্ভব হতে পারে। দাপ্তরিক কাজে বুধবার ঢাকা যাব জানানোর পর আজ (গতকাল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাড়ি এসে টিকা দিয়ে যায়।’

তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. বার্নাবাস হাঁসদাক বলেন, ‘বুধবার একটি বিশেষ ক্যাম্পেইনে চেয়ারম্যানের টিকা নেওয়ার কথা ছিল। তবে সেদিন তিনি থাকবেন না বলে আজ (গতকাল) টিকা দেওয়া হয়েছে।’

রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার বলেন, ‘বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। বাসাবাড়িতে গিয়ে টিকা দেওয়ার সুযোগ নেই, দেওয়া যায় না।’

জানা গেছে, গত ৩১ মে লুৎফর হায়দারের দ্বিতীয় ডোজ নেওয়ার কথা থাকলেও অসুস্থতাজনিত কারণে পারেননি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্র থেকে বাড়ির দূরত্ব প্রায় দুই কিলোমিটার। এজন্য কেন্দ্রে না গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুজন কর্মীকে ডেকে এনে টিকা নেন চেয়ারম্যান।

এ সময় স্বাস্থ্যকর্মী জহির উদ্দিনের উপস্থিতিতে শরীরে টিকা পুশ করেন টিকাবহনকারী কর্মচারী নিশান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত