শক্তিশালী ক্যামেরা নিয়ে আসছে আইফোন ১৩

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১২:৩১ এএম

অ্যাপলের নতুন আইফোন লাইনআপে অন্তত তিনটি বড় ধরনের ক্যামেরা ও ভিডিও রেকর্ডিং ফিচার চোখে পড়বে। শুধু তা-ই নয়, এতে থাকবে দ্রুতগতির এ১৫ চিপ। ব্লুমবার্গে মার্ক গারম্যান-সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন, ফোনের পোর্ট্রেইট মোড ফিচারের ভিডিও সংস্করণের দেখা মিলবে নতুন হ্যান্ডসেটে। এর ফলে ‘প্রোরেজ’ নামের উচ্চমানের ফরম্যাটে ভিডিও রেকর্ড করতে পারবেন ব্যবহারকারীরা। আইফোন-১৩-এর বেলায় ক্যামেরা ফিচারকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

ক্যামেরার পাশাপাশি নতুন আইফোনে আরও কিছু আপগ্রেড থাকবে বলে জানিয়েছেন গারম্যান। এ রকমই এক আপগ্রেড হলো দ্রুতগতির নতুন এ১৫ চিপ। এ ছাড়া আগের তুলনায় ছোট আকারের নচও চোখে পড়বে ব্যবহারকারীদের। সাধারণত সেপ্টেম্বরে নিজেদের নতুন আইফোন নিয়ে হাজির হয় অ্যাপল। আইফোনে প্রথমবারের মতো পোর্ট্রেইট মোডের দেখা মেলে ২০১৬ সালে। আইফোন ৭ প্লাসের মাধ্যমে ফিচারটির সঙ্গে আইফোনপ্রেমীদের পরিচয় করিয়ে দিয়েছিল অ্যাপল। এরপর দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে ফিচারটি। বড় অ্যাপার্চারের ইফেক্ট বা সামনে-পেছনে ঘোলাটে আবহ বজায় রেখে বিষয়বস্তুকে ফোকাসে রেখে ছবি তোলার এ প্রক্রিয়াটি ‘বোকেহ এফেক্ট’ নামেও পরিচিত।

 নতুন আইফোনের ক্ষেত্রে একই প্রক্রিয়া ভিডিও আনতে চাইছে অ্যাপল। ভিডিও সংস্করণের ফিচারটিকে অভ্যন্তরীণভাবে ‘সিনেম্যাটিক ভিডিও’ নামে ডাকা হচ্ছে বলে উল্লেখ করেছেন গারম্যান। স্থির ছবির মতোই আইফোনের ডেপথ সেন্সর এফেক্টটি ফুটিয়ে তুলবে এবং রেকর্ডিংয়ের পর ব্যবহারকারীদের ঘোলাটে আবহের মাত্রা ঠিক করে নিতে দেবে। নতুন প্রোরেজ ভিডিও-রেকর্ডিং ফিচার আইফোন ব্যবহারকারীদের উচ্চমানের ফরম্যাটে ক্লিপ ধারণ করতে দেবে। এতে করে সম্পাদনার সময় ভিডিও সম্পাদকের হাতে থাকবে বাড়তি নিয়ন্ত্রণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত