বঙ্গবন্ধুকে অস্বীকারকারী ও স্বাধীনতাবিরোধীদের রাজনীতি এ দেশ থেকে চিরতরে বন্ধ হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘দুঃখজনক হলেও সত্য স্বাধীনতাবিরোধীরা এখনো রাজনীতি করে। তারা এমপি-মন্ত্রীও হয়েছে এবং তা প্রথমে জিয়াউর রহমান ও পরে তার স্ত্রী বেগম জিয়ার পৃষ্ঠপোষকতাতেই। এগুলো বন্ধ হওয়া উচিত।’ গতকাল শুক্রবার দুপুরে ঢাকায় আসন্ন জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে তাদের আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমানের হাত ধরে পুনর্বাসিত স্বাধীনতাবিরোধীদের রাজনীতির ধারায় জাতির পিতাকে অস্বীকার করা হয়। যে মহানায়কের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, যিনি আন্দোলনে বাঙালিকে বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো; তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা; তুমি কে আমি কে, বাঙালি-বাঙালি এ স্লোগান শিখিয়েছেন, এক সাগর রক্ত পাড়ি দিয়ে স্বাধীনতা এনে বাঙালিকে প্রথম জাতিরাষ্ট্র দিয়েছেন, তাকে এবং তার অবদানকে অস্বীকার করা হয়। এটা যারা করে তাদের রাজনীতি এ দেশে চিরতরে বন্ধ হওয়া প্রয়োজন।’
দেশ-বিদেশের উদাহরণ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ইউরোপে গেলে দেখা যায়, নেদারল্যান্ডসে যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের সহযোগিতা বা সমর্থন করেছিল, তাদের নিজ দেশে ভোটাধিকার নেই।’
জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন দ্য ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, সাবেক বিএফইউজে সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মাইনুল আলম, সদস্য মো. আইয়ুব ভূঁইয়া প্রমুখ।
এদিন বঙ্গবন্ধুর ওপর গানবাংলা টিভির গানের প্রকাশনায় সকালে মন্ত্রী হাছান মাহমুদ বঙ্গবন্ধুর ওপর রচিত গান ‘যদি রাত পোহালেই শোনা যেতো বঙ্গবন্ধু মরে নাই’ গানটি প্রকাশ করেন। মন্ত্রীর মিন্টো রোডের বাসভবনে এ সময় আরও উপস্থিত ছিলেন গানবাংলা টিভির চেয়ারপারসন ফারজানা মুন্নী ও ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস। দেশের বরেণ্য সব শিল্পীর সমবেত কণ্ঠে নতুন করে নির্মিত এ গানটিকে হৃদয়ছোঁয়া বলে অভিহিত করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
