পদ্মা সেতুর পিলারে বারবার ধাক্কার ঘটনায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে গতকাল শনিবার ফেরি চলাচল সীমিত করা হয়েছে। এদিন দক্ষিণবঙ্গের এ নৌরুটে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়ায় মাত্র ৩টি ফেরি চলাচল করেছে। দিনভর মাঝারি আকারের কে-টাইপ ফেরি ক্যামেলিয়া, কুঞ্জলতা ও ফেরি বেগম সুফিয়া কামাল যাত্রীসুদ্ধ যানবাহন পারাপার করে। এ ছাড়া ইতিমধ্যেই নৌরুটের রো রো ফেরিগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। স্রোতের তীব্রতার কারণে ডাম্প ফেরিগুলোও চলাচল করতে পারছে না। এতে সীমিত সংখ্যক ফেরিতেই যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।
এ অবস্থায় দক্ষিণবঙ্গের যানবাহনগুলোকে এ নৌরুট এড়িয়ে চলাচলের অনুরোধ করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন তথা বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ নৌরুটে কে-টাইপ তথা মাঝারি আকারের দুটি ফেরি যুক্ত হয়েছে। ফেরি দুটি হচ্ছে বেগম সুফিয়া কামাল ও বেগম রোকেয়া। এদিন বিকেলে দুই শতাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।
শিমুলিয়া নদীবন্দরের নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক ও সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহাদাত হোসেন জানান, বর্তমানে নৌরুটে ৮৭টি লঞ্চ চলাচল করছে।
