সরকারের দুঃশাসন তীব্র মাত্রা ধারণ করেছে : ফখরুল

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ০২:২৭ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৩০ ডিসেম্বর ‘মধ্যরাতের মহাভোট ডাকাতির নির্বাচনের’ পর বর্তমান সরকারের দুঃশাসন যেন আরও তীব্র মাত্রা লাভ করেছে। ক্ষমতা হারানোর আতঙ্কে আওয়ামী সরকার দেশকে বিএনপিশূন্য করতে এখন মাঠে নেমেছে। গতকাল রবিবার সন্ধ্যায় দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। বিবৃতিতে মির্জা ফখরুল আরও বলেন, ‘স্বৈরাচারী সরকার বিএনপি এবং এর অঙ্গ সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মী এবং প্রতিবাদী জনগণের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে দেশব্যাপী ভয় ছড়িয়ে দিচ্ছে। যাতে সরকারের বিরুদ্ধে কেউ টুঁ-শব্দটি করতে সাহস না করে।’

তিনি আরও বলেন, ‘বিশ্বের গণধিকৃত সব স্বৈরাচারকে টেক্কা দিয়ে জনসমর্থনহীন সরকার মানুষের জানমালের নিরাপত্তাকেও চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে। স্বৈরাচারী সরকারের ভয়াবহ দুঃশাসনের বর্তমান হিংস্ররূপ দেখে দেশের মানুষ আজ বাকরুদ্ধ। অশুভ আশঙ্কা, আতঙ্ক ও ভয়ের এক দুর্বিষহ পরিবেশ জনজীবনকে সারাক্ষণ উদ্বিগ্ন করে রেখেছে।’

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার আদালত থেকে জামিনলাভ সত্ত্বেও তাকে বিভিন্ন কায়দায় জেল থেকে মুক্তি বিলম্বিত করা হচ্ছে। ছাত্রদলের সহসভাপতি ও বিগত ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপিপ্রার্থী মোস্তাফিজুর রহমানকে মিথ্যা মামলায় গ্রেপ্তার তরুণ নেতৃত্বকে ধ্বংস করার নিরবচ্ছিন্ন অংশ।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এ ধরনের অমানবিক ও ন্যক্কারজনক ঘটনা আবারও প্রমাণ করেÑ বর্তমান স্বৈরাচারী দেশে বিরোধী দলহীন নিষ্ঠুর একদলীয় রাষ্ট্র কায়েমে বদ্ধপরিকর। মহামারী করোনাকালেও বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর নির্মম দমন-নিপীড়ন চালিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। নির্দয় আচরণের পাশাপাশি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ভুয়া ও বানোয়াট মামলা, জামিন লাভের পর মুক্তি পেতে বাধা ইত্যাদির ঘৃণ্য নজির স্থাপন করেছে আওয়ামী সরকার।’

বিবৃতিতে ইসহাক সরকারের কারামুক্তি ও মোস্তাফিজুর রহমানকেও নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত