সেপ্টেম্বরে ঘরের মাঠে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ রয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের। পাঁচটি যুব ওয়ানডে ম্যাচ এবং একটি যুব টেস্ট ম্যাচ খেলতে ৩১ আগস্ট বাংলাদেশে পা রাখার কথা আফগান যুবাদের। কিন্তু আফগানিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই সিরিজ নিয়ে জেগেছে শঙ্কা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিরিজটি আয়োজনে যথেষ্ট আশাবাদী।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, ‘এখন পর্যন্ত সিরিজ নিয়ে পরিকল্পনার কোনো পরিকল্পনা হয়নি। যেটাই হোক আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গে যোগাযোগ রাখছি। আমাদের পরিকল্পনা, লজিস্টিকাল কাজ, সবকিছু ঠিকঠাক চলছে। তারা যদি না আসতে পারে, এটা তাদের বিষয়। তবে বর্তমান পরিস্থিতিতে আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই (সফরে না আসার)।’
বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাউসারও সিরিজ নিয়ে আশার কথা শোনালেন। বলেন, ‘৩১ আগস্ট ওদের আসার কথা। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এখনো ওই সূচিতেই আছে। ওরা খুবই আশাবাদী যে সফরে আসতে পারবে।’
‘হয়তো ওখানে পালাবদলের পর ওদের অপারেশনাল কার্যক্রম শুরু হতে দুই-দিন দিন সময় লাগবে। এই সময়টা ওরা নিচ্ছে। তবে তাদের প্রক্রিয়া গোছানোই আছে এবং আমাদেরকে তারা জানিয়েছেন যে, তাদের দলের অনুশীলনও চলছে।’
সিরিজটি সামনে রেখে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল বৃহস্পতিবার থেকে সিলেটে ক্যাম্প শুরু করবে। সূচি অনুযায়ী সিরিজটি হওয়ার কথা সিলেটেই। আফগানরা ৩১ আগস্ট ঢাকায় পৌঁছে বিমানে সিলেটে চলে যাবে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ বর্তমান চ্যাম্পিয়ন। পরবর্তী আসরের জন্য দল গড়ার প্রক্রিয়া ও প্রস্তুতির অংশ হিসেবেই হবে এই সিরিজ। সব ঠিক থাকলে আকবর আলীদের পর নতুন ব্যাচটিই আফগান সিরিজই হবে প্রথম আন্তর্জাতিক সিরিজ।
