অস্ট্রেলিয়া সিরিজ শেষে ছুটিতে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে মুশফিকুর রহিম, লিটন দাস, সৌম্য সরকাররা মিরপুরে অনুশীলন শুরু করেছেন। তবে বেশির ভাগ সদস্যই এখনো ছুটিতে।
যেসব ক্রিকেটাররা মাঠে ফিরেছেন বা মাঠ থেকে দূরে রয়েছেন সবার জন্যই করোনার এই সময়ে কিছু দিক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবাইকে চলাফেরা সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে তাতে।
সোমবার সাংবাদিকদের বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের খেলোয়াড়দের নিয়ে বিসিবির মেডিকেল ও ক্রিকেট পরিচালনা বিভাগ কাজ করছে। সংশ্লিষ্ট অন্যান্য বিভাগও কাজ করছে। এরই মাঝে তাদের বলে দেওয়া হয়েছে, কী কী বিষয় মেনে চলবে।’
‘ক্রিকেটারদের চলাফেরা সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে। পরিবারের মাঝেই থাকার জন্য অনুরোধ করা হয়েছে এবং জনসমাগমে যাওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে।’
নিউজিল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ আসবে ২৪ আগস্ট। ঢাকায় পা রেখেই জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়বে কিউইরা। বাংলাদেশ দলও একই দিন সুরক্ষা বলয়ে প্রবেশ করবে। ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজ।
