কথিত গুমের আন্তর্জাতিক তদন্ত চায় এইচআরডব্লিউ

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ০২:০০ এএম

বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কথিত গুমের ঘটনার আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। এক দশক ধরে খোঁজ না পাওয়া ৮৬ জনের পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলে ৫৭ পৃষ্ঠার এক প্রতিবেদনে এই আহ্বান জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জবাবদিহি নিশ্চিত কর এবং গুম ও ক্ষমতার অপব্যবহার বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

গতকাল সোমবার এইচআরডব্লিউর ওয়েবসাইটে প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত ১১৫ জনের সাক্ষাৎকারের ভিত্তিতে এ প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এদের মধ্যে গুমের শিকার হওয়া ভুক্তভোগী, তাদের পরিবারের সদস্য এবং গুমের ঘটনার প্রত্যক্ষদর্শীরা ছিলেন।

হিউম্যান রাইটস ওয়াচ দাবি করেছে, প্রতিবেদনটি তৈরি করার সময় তারা দেখেছে, সমালোচকদের মুখ বন্ধ করতে এবং তাদের মত দাবিয়ে রাখতে গুম এবং গুমের হুমকিকে ব্যবহার করেছে।

বাংলাদেশ সরকার অবশ্য গুমের ঘটনায় কোনো কর্র্তৃপক্ষ অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে সাতজন ভুক্তভোগীর সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে, যারা গুম হওয়ার পর থেকে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। তাদের আত্মীয়-স্বজনদের সঙ্গেও কথা বলেছে মানবাধিকার সংস্থাটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত