রাজশাহীতে পদ্মার পানি বিপদসীমার কাছাকাছি

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ১২:২৮ এএম

পদ্মার পানি বাড়তে থাকায় রাজশাহী শহরের নিম্নাঞ্চলের বেশ কিছু বাড়িতে পানি ঢুকেছে। পদ্মার পানি এখন বিপদসীমার কাছাকাছি এসে পৌঁছেছে। গতকাল বুধবার বিকেল তিনটায় এখানে পানির উচ্চতা ছিল ১৭ দশমিক ৭২ মিটার। এ সময় পানি ছিল বিপদসীমা থেকে ৭৮ সেন্টিমিটার নিচে। সংশ্লিষ্টরা বলছেন, যেভাবে পানি বাড়ছে তা অব্যাহত থাকলে আগামী সপ্তাহেই বিপদসীমা অতিক্রম করতে পারে। সকালে রাজশাহীতে পদ্মার পানি বিপদসীমার ৭৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজি বিভাগের গেজ রিডার এনামুল হক বলেন, উজানে ঢলের কারণে পদ্মায় পানি বাড়ছে। প্রতিদিনই প্রায় ১০ সেন্টিমিটার পানি বাড়ছে। রাজশাহী পয়েন্টের বিপদসীমা ধরা হয় ১৮ দশমিক ৫০ মিটার। এখনো এ থেকে ৭৮ সেন্টিমিটার নিচে রয়েছে। তবে পানি বাড়ার গতি ৩/৪ দিন পর কমেও যেতে পারে। এর মধ্যে উজানে বৃষ্টি হলে পানি বাড়া অব্যাহত থাকবে। এভাবে পানি বাড়লে আগামী সাত দিনের মধ্যে বিপদসীমা অতিক্রম করবে।

এদিকে, পদ্মা নদীতে পানি বেড়ে যাওয়ার কারণে তীরবর্তী নিচু এলাকার বাসিন্দাদের বাড়িতে পানি ঢুকে পড়েছে। নগরের রানীনগর এলাকায় অবস্থিত আলোর পাঠশালার মাঠ প্লাবিত হয়েছে। গতকাল দুপুরে ওই এলাকায় ছিল হাঁটুপানি।

বিদ্যালয়ের পাশে জরিনা বেগমের বাড়িতে কোমর পানি। তার পরিবারের সদস্যদের নৌকায় করে বাড়ির মালামাল অন্যত্র সরিয়ে নিতে দেখা যায়।

নগরের ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরমান আলী বলেন, পঞ্চবটি এলাকা থেকে হাদির মোড় পর্যন্ত তার ওয়ার্ডের প্রায় দুই হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তারা মানবেতর জীবনযাপন করছে। পদ্মা নদীর ধারে ঝালমুড়ি বিক্রি করে সংসার চালাতেন রাবেয়া বেগম (৫৫)। তিনি বলেন, খাওয়ার যেমন কষ্ট, তার চেয়ে বড় কষ্ট ঘুমানোর। সারা রাত বসেই কাটাতে হয়। পানি বাড়লে বিপদও বাড়বে। তখন কীভাবে চলবেন, বুঝতে পারছেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত