করোনা পরিস্থিতি বিবেচনায় প্রায় দুই মাস বন্ধ থাকার পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আজ বৃহস্পতিবার থেকে ট্রেন চলাচল শুরু করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্র্তৃপক্ষ। বিধিনিষেধ শিথিল ঘোষণার এক সপ্তাহ পর গতকাল বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্টরা। তবে এবার ১৬ জোড়ার পরিবর্তে ১০ জোড়া ট্রেন চলবে বলে জানানো হয়।
এদিকে, ট্রেন চলাচলের প্রস্তুতি হিসেবে গত মঙ্গলবার থেকে নগরীর ইসদাইর বাজার এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথের সংস্কারের কাজে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে রেলওয়ের কর্মীদের। পাশাপাশি গতকাল রেলপথটিতে বেশ কয়েকবার ডেমু (ডিজেল-ইলেকট্রিক মাল্টিপল ইউনিট) ট্রেন যাত্রী ছাড়াই চলাচল করতেও দেখা গেছে।
নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার কামরুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, আগামীকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে পুনরায় ট্রেন চলাচল শুরু হচ্ছে। তবে এবার সকালে ৪ জোড়া, বিকালে ৪ জোড়াসহ মোট ১০ জোড়া ট্রেন চলবে।
