গাজার সঙ্গে রাফাহ সীমান্ত বন্ধ করছে মিসর

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১২:৩৪ পিএম

সোমবার থেকে গাজার সঙ্গে রাফাহ সীমান্ত ক্রসিং বন্ধ করে দেবে মিসর। ফিলিস্তিন ভূখণ্ডের হামাস সরকারের এক মুখপাত্র এ কথা জানান। খবর এএফপির।

এক বিবৃতিতে রবিবার সন্ধ্যায় গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াদ আল-বোজোম বলেন, মিশর কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে রাফাহ সীমান্ত কাল  (সোমবার) থেকে বন্ধ থাকবে।

মিসরের বিভিন্ন হাসপাতালে গাজার আহত নাগরিকদের চিকিৎসা এবং দেশটিতে ত্রাণ সরবরাহের সুযোগ করে দিতে মে মাসে গাজা ও মিসরের মধ্যে রাফাহ সীমান্ত ক্রসিং খুলে দেওয়া হয়।

ইসরায়েলের ১১ দিনের ব্যাপক বিমান হামলার পর এ সীমান্ত মিসর খুলে দেয়। মিসরের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি হওয়ায় ১১ দিনের এ যুদ্ধের অবসান ঘটে।

গাজার পূর্বাঞ্চলীয় সীমান্তে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সপ্তাহান্তের সহিংসতার পর মিশর  রাফাহ সীমান্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর বন্দুকের গুলিতে ১৩ বছরের একটি বালকসহ শনিবার ৪১ জন ফিলিস্তিনি আহত হয়।

শনিবার হামাস আয়োজিত বিক্ষোভে শত শত ফিলিস্তিনি অংশগ্রহণের সময় সহিংসতা ছড়িয়ে পড়ে। তাদের এলাকায় ইসরায়েলের চাপিয়ে দেওয়া কঠোর অবরোধের প্রতিবাদে এ বিক্ষোভ আয়োজন করা হয়।

গত মে মাসে উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় ইসরায়েলি সেনারা। যার জের ধরে ইসরায়েল ও হামাসের ১১ দিনের রক্তাক্ত যুদ্ধের রূপ নেয়। এ ঘটনায় ২৫৬ ফিলিস্তিনি ও ১৩ ইসরায়েলি নিহত হয়। এরপর একাধিকবার ইসরায়েলি হামলায় আহত হয়েছে ফিলিস্তিনিরা। আগস্টের প্রথম সপ্তাহেও গাজায় বিমান হামলা চালায় দখলদাররা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত