সাভারের ট্যানারি বন্ধের সুপারিশ সংসদীয় কমিটির

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ০৩:০৯ এএম

বর্জ্য ব্যবস্থাপনা ‘সঠিকভাবে’ না করায় সাভারের চামড়া শিল্পনগরী আপাতত বন্ধ রাখার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। গতকাল সোমবার সংসদ ভবনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ আসে। তবে সঠিক পদক্ষেপ নেওয়ার পর আবারও চালু করার করা যেতে পারে বলেও পরামর্শ দিয়েছে কমিটি।

কমিটির পক্ষ থেকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়কে দ্রুত সময়ের মধ্যে শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনকে (বিসিক) চিঠি দিতে পরামর্শ দেওয়া হয়েছে।

সংসদীয় কমিটিকে মন্ত্রণালয় জানায়, সাভারের চামড়া শিল্পনগরীতে দৈনিক ৪০ হাজার ঘনমিটার বর্জ্য উৎপাদন হয়। যেখানে বর্জ্য ব্যবস্থাপনার সক্ষমতা রয়েছে ২৫ হাজার ঘনমিটার। দৈনিক ১৫ হাজার ঘনমিটার বর্জ্য পরিবেশে মিশে তা ক্ষতি করছে। গত তিন বছরে ১ কোটি ৬৪ লাখ ঘনমিটার বর্জ্য ব্যবস্থাপনার বাইরে থেকে গেছে।

কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, সংসদীয় কমিটির পক্ষ থেকে চামড়া শিল্পনগরী পরিদর্শন করে সার্বিক অবস্থা দেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, যেটা দেখা গেছে, বর্জ্য ব্যবস্থাপনার সক্ষমতার চেয়ে উৎপাদন হয় তার চেয়ে অনেক বেশি। বিভিন্ন সময় জরিমানা করা হয়। কিন্তু সেটা কোনো সমাধান নয়। এজন্য আমরা বন্ধ করে দিতে বলেছি।

সাবের হোসেন চৌধুরী জানান, শুধু তরল বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা রয়েছে সাভারে। হেভি মেটাল এবং ক্রোমিয়াম বর্জ্য ব্যবস্থাপনার কোনো ব্যবস্থাই নেই। প্রচুর বর্জ্য ধলেশ্বরী নদীতে মিশছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত