কুমিল্লায় লঞ্চের ছাদে ডিজে পার্টি

বিদ্যুতের তারে পুড়ে মরল কিশোর, দগ্ধ আরও ১২

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ০২:০৭ এএম

কুমিল্লার তিতাসে লঞ্চের ছাদে ডিজে পার্টি করতে গিয়ে নিখোঁজ কিশোর শামীম হোসেনের (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে তিতাস নদীর শিবপুর খালের মুখ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র নিহত শামীম তিতাসের শিবপুর গ্রামের সিএনজিচালক আবদুল মতিনের ছেলে।

জানা গেছে, গত সোমবার তিতাস নদীতে স্থানীয় একদল কিশোর ‘মেসার্স বাদল সরকার অ্যান্ড সন্স’ নামে একটি লঞ্চ ভাড়া করে ডিজে গানের তালে ছাদে নাচানাচি করছিল। একপর্যায়ে রাত সাড়ে  ৯টার দিকে দরিকান্দি শিবপুর গ্রামে নদীর ওপর দিয়ে চলে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে ১৩ কিশোর দগ্ধ হয়। তাদের মধ্যে পানিতে ছিটকে পড়ে নিখোঁজ হয় শামীমসহ তিনজন। এর মধ্যে দুজনকে পরে উদ্ধার করেন স্থানীয় জেলেরা। সবশেষে গতকাল ভোরে ভেসে ওঠে শামীমের মরদেহ। পরে সকাল ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

গত সোমবার রাতের ওই দুর্ঘটনায় আহতদের সবার বাড়ি তিতাসের মজিদপুর ইউনিয়নের শিবপুর গ্রামে। তাদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে তানিম (১৪), সিয়াম (১৭) ও রহিম (১৭) নামে তিন কিশোর।

দুর্ঘটনার কারণ জানতে চাইলে তারা জানায়, দুর্ঘটনার সময় লঞ্চের দ্বিতীয় তলায় ছিল। বিদ্যুৎস্পৃষ্ট হয়েই অচেতন হয়ে পড়ে। তবে কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট হলো তা বলতে পারছে না। চেতনা ফেরার পর নিজেদের হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় দেখতে পায়।

তিতাস উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘দুর্ঘটনায় আহত তিনজন আমাদের হাসপাতালে চিকিৎসাধীন। চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে পাঠানো হয়েছে।’

এদিকে দুর্ঘটনার পর সোমবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদা আক্তার। তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব ডিজে পার্টির ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করে প্রচারণা চালানো হচ্ছে। কিছু জায়গায় পুলিশি অভিযানের মাধ্যমে জরিমানাও করা হয়েছে। তারপরও এ দুর্ঘটনা খুবই দুঃখজনক।’

দুর্ঘটনাকবলিত লঞ্চটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন তিতাস থানার ওসি সুধীন চন্দ্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত