বাংলাদেশ ব্যাংককে চিঠি

৯ ই-কমার্স প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য চায় বাণিজ্য মন্ত্রণালয়

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ০২:১৮ এএম

৯টি ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেনের তথ্য এবং সর্বশেষ আর্থিক পরিস্থিতির তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। চিঠিতে ক্রেতা ও মার্চেন্টদের কাছে কোম্পানিগুলোর মোট দায়ের পরিমাণ এবং চলতি ও স্থায়ী মূলধনের পরিমাণসহ কোম্পানিগুলো অন্যত্র অর্থ স্থানান্তর করেছে কি না এসব তথ্যও চেয়েছে মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছে এ চিঠি পাঠানো হয়। অবশ্য তথ্য জানানোর জন্য কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।

বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল থেকে যেসব প্রতিষ্ঠানের তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে সেগুলো হচ্ছে ধামাকা, ই অরেঞ্জ, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, কিউকুম, বুম বুম, আদিয়ান মার্ট, নিড ডট কম ডট বিডি এবং আলেশা মার্ট।

চিঠিতে বলা হয়েছে, ‘এই ৯ ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। একই সঙ্গে মার্চেন্টদের কাছ থেকে পণ্য নিয়ে মূল্য পরিশোধ না করারও অভিযোগ পাওয়া যাচ্ছে।’

পরবর্তী করণীয় নির্ধারণের জন্য প্রতিষ্ঠানগুলোর সর্বশেষ আর্থিক অবস্থা, ক্রেতা ও মার্চেন্টদের কাছে মোট দায়ের পরিমাণ জানা দরকার বলে চিঠিতে উল্লেখ করা হয়। বলা হয়, প্রতিষ্ঠানগুলোর চলতি ও স্থায়ী মূলধনের পরিমাণও জানা দরকার। আরও জানা দরকার প্রতিষ্ঠানগুলো কোনো অর্থ কোথাও সরিয়েছে কি না।

এর আগে কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) আলেশা মার্টসহ ১১টি ই-কমার্স কোম্পানির ব্যাংক হিসাবের বিবরণ চেয়েছে। অন্য কোম্পানিগুলো ছিল ধামাকা শপ, সিরাজগঞ্জ শপ, আলাদীনের প্রদীপ, বুমবুম, আদিয়ান মার্ট, নিডস, কিউকুম, দালাল প্লাস, ই-অরেঞ্জ এবং বাজাজ কালেকশন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত