বঙ্গবন্ধুর বাংলাদেশ রচনার সার্থকতা সেখানেই যে পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, তারা (পাকিস্তান) আমাদের মতো উন্নতি অর্জন করতে চায়। আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সার্থকতা সেখানেই যে আজকে সমগ্র পৃথিবী বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির প্রশংসা করে। গতকাল বুধবার বিকেলে সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারি ঐক্য পরিষদের জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার যে সিদ্ধান্ত-কর্মসূচি ঘোষণা করে, যে উন্নয়ন প্রকল্পগুলো হাতে নেয়, সেগুলো সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে বাস্তবায়নের জন্য কাজ করেন। সে কারণেই এই সার্থকতা এসেছে এবং আজকে বাংলাদেশ উন্নয়নের দিক দিয়ে অনেক দেশের সামনে উদাহরণ। তাই কোনো একটা ভুল বিবৃতির জন্য সরকারের রাজনৈতিক অংশের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের ঘনিষ্ঠ সম্পর্ক এবং যে ঘনিষ্ঠভাবে কাজের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে, তা বিনষ্ট হতে পারে না, হয়নি এবং হবেও না।’
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর তাকে ইতিহাসের পাতা থেকে নির্বাসিত করার অপচেষ্টা চালানো হয়েছে, কিন্তু সেই অপচেষ্টাকারীরাই ইতিহাসের পাতা থেকে মুছে যাচ্ছে, এটা ইতিহাসের বিচার।’
দেশের অগ্রগতি প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের মানুষ এখন ভারতের মানুষের চেয়ে মাথাপিছু আয়ের দিক দিয়ে ওপরে। আজকে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ২ হাজার ২২৭ ডলার; আর পাকিস্তানের মানুষের মাথাপিছু আয় ১ হাজার ৫৪৩ ডলার আর ভারতের ২ হাজার ৬৪ ডলার।
