কলকাতার আবৃত্তি জগতের নক্ষত্র গৌরী ঘোষ মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে এই বাচিকশিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জিনিউজের এক সংবাদে বলা হয়েছে।
বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন গৌরী ঘোষ। একটি বেসরকারি হাসপাতালে গত সাতদিন ধরে ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
রেডিও উপস্থাপক হিসেবে আকাশবানীতে যোগদান করেছিলেন গৌরী ঘোষ। দীর্ঘদিন যুক্ত ছিলেন রেডিওর সঙ্গে। পার্থ ঘোষ-গৌরী ঘোষ আবৃত্তি জগতের অন্যতম সেরা জুটি। তাদের বাচনভঙ্গির জাদুতেই আবৃত্তি জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল। তাদের হাত ধরেই বাংলা কবিতা পৌঁছে গেছে বাঙালির ঘরে ঘরে।
গৌরী ঘোষের মৃত্যুতে শোকের ছায়া সংস্কৃতি মহলে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোাপাধ্যায়।
তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ কবিতা একাডেমির সদস্য গৌরী ঘোষকে রাজ্য সরকার ২০১৮ সালে ‘কাজী সব্যসাচী সম্মান’ প্রদান করে। তার প্রয়াণ সাংস্কৃতিক জগতে এক অপূরণীয় ক্ষতি। আমি গৌরী ঘোষের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
