প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে বায়ার্ন মিউনিখের কাছে কপাল পুড়েছিল পিএসজির। ২০২০-এর ফাইনালে ১-০ গোলে হেরে কেঁদেছিলেন নেইমার। গতবার সেই বায়ার্নকে কোয়ার্টারে বিদায় করে সেমিফাইনালে গিয়ে হেরে যায় যাদের কাছে, সেই ম্যানচেস্টার সিটির সঙ্গে একই গ্রুপে পড়েছে মেসি-নেইমারের পিএসজি। অন্যদিকে, ক্লাব ইতিহাসে ২-৮ গোলের শোচনীয়তম পরাজয় হয়েছিল বার্সার যাদের কাছে, সেই বায়ার্নের সঙ্গে এবার একই গ্রুপে পড়েছে কাতালানরা। গতকাল ইস্তানবুলে অনুষ্ঠিত ড্র-তে বায়ার্ন-বার্সার সঙ্গে গ্রুপ ই-তে পড়েছে বেনফিকা ও ডায়নামো কিয়েভ। কিয়েভ গতবারও বার্সার গ্রুপে ছিল। অন্যদিকে গতবার চেলসির কাছে হেরে যাওয়া ফাইনালিস্ট ম্যানসিটি এবার পিএসজিকে নিয়ে পড়েছে ‘এ’ গ্রুপে। গ্রুপের অন্যদল লাইপজিগ (যারা গতবারও পিএসজির সঙ্গী ছিল) আর ক্লাব ব্রুজ। মজার ঘটনা ঘটেছে গ্রুপ ডিতে। প্রতিযোগিতার সফলতম দল রিয়াল মাদ্রিদ এবারও ইন্তার মিলান আর শাখতার দোনেৎস্কের সঙ্গে একই গ্রুপে পড়েছে। ডি গ্রুপের অন্য দল মলদোভার শেরিফ তিরাসপুল। চ্যাম্পিয়ন চেলসির সঙ্গী এবার জুভেন্তাস, জেনিত সেন্ট পিটার্সবার্গ ও মালমো। ইন্টারনেট
