লিডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ইনিংস ও ৭৬ রানে হেরেছে ভারত। এমন পরাজয়ে দেশটির কিংবদন্তি সুনীল গাভাস্কার ভারতীয় ব্যাটারদের একহাত নিয়েছেন। তার মতে বাকি দুই টেস্টে একজন বাড়তি ব্যাটসম্যান খেলানো উচিত ভারতের। তবে গাভাস্কারের এই পরামর্শ মানতে রাজি নন বিরাট কোহলি।
ভারত অধিনায়কের দাবি, একজন বাড়তি ব্যাটসম্যান নিয়ে মাঠে নামলে দলের ভারসাম্য নষ্ট হওয়ার সঙ্গে ড্রেসিংরুমে ক্রিকেটারদের মধ্যেও নেতিবাচক মানসিকতা তৈরি হবে।
পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টটি দেড় দিন হাতে রেখেই জিতে নেয় ইংল্যান্ড। শনিবার ২ উইকেটে ২১৫ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ভারত। আগের দিন তাদের ব্যাটিংয়ে ছিল লড়াইয়ের বার্তা। কিন্তু এদিন ২৭৮ রানে গুটিয়ে যায় দলটি।
মাত্র ৫৪ মিনিটে ৬৩ রান তুলতে গিয়ে ৮ উইকেট হারায় ভারত। দলের মিডল অর্ডার যে একেবারে ব্যর্থ, সেটা বারবার প্রকট হয়ে উঠছে। যদিও কোহলির দাবি বিপক্ষের ২০ উইকেট তুলে নেওয়া তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোহলি কোনো রাখঢাক না করে বলেন, ‘আপনারা কি একজন বাড়তি ব্যাটসম্যান খেলানোর কথা বলছেন? আমি এই নীতিতে একেবারেই বিশ্বাসী নই। কারণ আমার মতে একজন বাড়তি ব্যাটসম্যান খেলানো মানেই ড্র-এর জন্য খেলতে হবে। আর সেটা না হলে ম্যাচ হারতে হবে। অতীতে এই নীতি নিয়ে ভারত অনেক টেস্ট ড্র করেছে। আমি এটা মানতে পারব না।’
কোহলি আরো বলেন, ‘তা ছাড়া উইকেটরক্ষক নিয়ে দলের ছয় ব্যাটসম্যান যদি অবদান না রাখতে পারে, তাহলে সপ্তম ব্যাটসম্যান ক্রিজে এসেই ম্যাচ জিতিয়ে দেবে, এমন নিশ্চয়তা কোথায়! তাই যারা আছে তাদেরই লড়তে হবে। পাশাপাশি প্রতি টেস্টে ২০ উইকেট নেওয়ার ক্ষমতা আমাদের বোলারদের রয়েছে। তাই সেই দিকটা আমাদের ধরে রাখতে হবে। দলের ভারসাম্য কিছুতেই নষ্ট করব না।’
লিডসে ইংল্যান্ডের জয়ের সুবাদে সিরিজে ফিরেছে ১-১ সমতা। ওভালে সিরিজের চতুর্থ টেস্ট শুরু হবে বৃহস্পতিবার। পঞ্চম ও শেষ টেস্ট হবে ওল্ড ট্রাফোর্ডে, ১০ সেপ্টেম্বর থেকে।
