বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘রাষ্ট্র পরিচালনায় সরকার তার ব্যর্থতা ঢাকতে ইতিহাসের মীমাংসিত বিষয় নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করতে চাইছে। ঐতিহাসিক সত্যের প্রমাণ লাগে না।’
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সাবেক সভাপতি রুহুল আমিন গাজীসহ সব সাংবাদিকের মুক্তি ও তাদের বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এসব বলেন।
রিজভী বলেন, ‘লুটপাট আড়াল করতেই সরকার একের পর এক ইস্যু তৈরি করে নানা অপপ্রচার চালাচ্ছে। বিরোধী মতের রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করারও পায়তারা করা হচ্ছে। যেন কেউ তাদের লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে না পারে সে জন্য এমনটা করা হচ্ছে।’
‘জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেনি’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘ঐতিহাসিক সত্যের প্রমাণ লাগে না। আপনার পরিবার মুক্তিযুদ্ধ করেছে কিনা সেটাই এখন প্রমাণ সাপেক্ষ ব্যাপার। সত্যিকার অর্থে আপনারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন নাকি বৃহত্তর পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, সেটাই এখন প্রধান টপিক। যারা সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধা তাদের অপমান করা হচ্ছে।’
রুহুল আমিন গাজীর মুক্তি দাবি করে রিজভী বলেন, ‘তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। উনি কারাগারে কেন, তার ওপর কেন নির্যাতন করা হচ্ছে? আজকে সত্য প্রকাশ করলেই সাংবাদিকরা হামলা-মামলা ও নির্যাতনের শিকার হচ্ছে। এভাবে চলতে পারে না।’
মানববন্ধনে অবিলম্বে রুহুল আমিন গাজীর মুক্তি এবং সাংবাদিকদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানান রিজভী।
ডিইউজের একাংশের সভাপতি কাদের গনি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য দেন, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডিইউজের সাবেক সভাপতি আবদুল হাই শিকদার ও এলাহী নেওয়াজ খান সাজু, ডিইউজের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমদ, সাবেক সহ-সভাপতি আমীরুল ইসলাম কাগুজী, ডিইউজের সহ-সভাপতি শাহীন হাসনাত, বাছির জামাল, রাশেদুল হক, বিএফইউজের সিনিয়র সহ-সভাপতি মোদাব্বের হোসেন, সাংগঠনিক সম্পাদক খুরশীদ আলম, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মাহফিজুল ইসলাম রিপন, ডিইউজের কোষাধ্যক্ষ হাজী আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, প্রচার সম্পাদক খন্দকার আলমগীর হোসাইন ও দপ্তর সম্পাদক ডি এম আমিরুল ইসলাম অমর।
