বিয়ে নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ আঁচলের

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ১০:৫০ পিএম

বেশ কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা আঁচল। নবাগত গায়ক অমিকে বিয়ে করতে যাচ্ছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। একই সঙ্গে বিয়ে করার পর হজ করে তিনি চলচ্চিত্র ছেড়ে দেবেন বলেও সংবাদ প্রকাশিত হয়েছে।

আঁচল জানালেন, তিনি আগামী বছর বিয়ে করার পরিকল্পনা করলেও বিয়ে করে সিনেমা ছাড়ার বিষয়ে কোনো বক্তব্য দেননি। অথচ, তাকে ঘিরে প্রকাশিত এসব সংবাদে তিনি বিব্রত।

সাংবাদিকদের অনুরোধ করে আঁচল সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘আমাকে নিয়ে কোন ভুল নিউজ ছাপাবেন না বা লিখবেন না। হ্যাঁ, আমি এটা ডিক্লিয়ার করেছি যে, আগামী বছর আমি বিয়ে করবো যদি আমি বেঁচে থাকি এবং পরিস্থিতি পরিবেশ যদি ভালো থাকে তাহলে। কিন্তু আমি কোথাও কোন জায়গায় এই স্টেটমেন্ট দিইনি যে, আমি বিয়ের পরে হজ করব, তারপর ফিল্ম ছেড়ে দেব। আঁচলকে একজন নায়িকা হিসেবে সৃষ্টি করেছে এই চলচ্চিত্র পরিবার। আমি ফিল্ম পরিবারকে অনেক বেশি ভালোবাসি। সেই পরিবারকে ছেড়ে আমি কখনো কোথাও যাবো না। সারা জীবনই এই পরিবারের সঙ্গে আমার সম্পর্ক থাকবে। দয়া করে এসব নিউজ দিয়ে সবাইকে বিভ্রান্ত করবেন না প্লিজ।’

উল্লেখ্য, ২০১১ সালে রাজু আহমেদের ‘ভুল’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে আঁচলের চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর তিনি মাসুদ কায়নাতের বেইলি রোড চলচ্চিত্রে অভিনয় করেন। পরপর দুই সপ্তাহে বিকল্প ধারার এই দুটি চলচ্চিত্র মুক্তি পায়। এরপর ২০১৩ সালে বাপ্পি চৌধুরীর বিপরীতে ‘জটিল প্রেম’ ছবিতে অভিনয় করে বাণিজ্যিক সফলতা লাভ করেন। এরপর শাকিব খানের সঙ্গে ‘ফাঁদ-দ্য ট্র্যাপ’, আরিফিন শুভ’র সঙ্গে ‘কিস্তিমাত’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত