আন্তর্জাতিক ক্রিকেটে নাঈম শেখের শুরু রাসেল ডমিঙ্গোর কোচিংয়েই। ২০১৯’র ভারত সফরে নাঈম সম্ভাবনার ঝলক দেখান। প্রথম দু’ম্যাচে ২৬ ও ৩৬ রানের ইনিংসের পর শেষ ম্যাচে খেলেন ৪৮ বলে ৮১ রানের দারুণ ইনিংস। প্রথম ১০ টি-টোয়েন্টিতে তার রান ছিল ৪০.৬৬ গড়ে ৩৬৬। স্ট্রাইক রেট ১২২। তবে সাম্প্রতিক পারফরম্যান্সটা তেমন ভালো না নাঈমের। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ফিফটির পর রান পাননি পরের দুটিতে। দেশে ফিরে অস্ট্রেলিয়া সিরিজের ৫ ম্যাচেই ব্যর্থ তিনি। ৭ ম্যাচে রান তাই মোটে ৯৯। স্ট্রাইক রেট ৮৩.৮৯।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে উইকেটের কারণে সব ব্যাটসম্যানই ভুগেছে। তবুও তার এই পারফরম্যান্স হতাশাজনক। কোচ ডমিঙ্গোর যদিও তাকে নিয়ে অনেক উচ্চাশা। ‘নাঈম এখনো পায়ের নিচে জমিন শক্ত করার চেষ্টা করছে। তার টেকনিক ও সামর্থ্যরে কথা বলতে গেলেৃতার ওয়ার্ক এথিক দারুণ। তবে তার কিছু কাজ আরও করতে হবে। বিশেষ করে স্পিনে এখনো সে স্ট্রাইক রোটেট শেখার পথ খুঁজছে। তবে এখনো পর্যন্ত তার উন্নতিতে আমি খুবই সন্তুষ্ট ও খুশি। আমি মনে করি, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সে বাংলাদেশের জন্য দারুণ ক্রিকেটার হয়ে উঠবে। তার সম্ভাবনা নিয়ে আমি রোমাঞ্চিত’Ñ গতকাল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলছিলেন ডমিঙ্গো।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ওপেনিংয়ে জায়গা পাওয়ার জন্য নাঈমকে লড়তে হবে লিটন দাস ও সৌম্য সরকারের সঙ্গে। ডমিঙ্গো জানালেন, নির্বাচকদের সঙ্গে কথা বলে ম্যাচের আগের দিন অর্থাৎ আজ তারা চূড়ান্ত করে ফেলবেন দুই ওপেনার।
